রাজ্যসভায় গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ মেনকা গুরুস্বামী (Menaka Guruswami)। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকার যে পক্ষপাতিত্ব করছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। সরাসরি অভিযোগ আনলেন, বিচারপতি নিয়োগে মতাদর্শের মিলকেই প্রাধান্য দিচ্ছে বিজেপি (BJP)।
বিচারবিভাগে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক মতাদর্শগত পক্ষপাতিত্বের অভিযোগে উত্তপ্ত বিতর্কের মাঝেই রাজ্যসভায় পাশ হলো ‘সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধনী বিল, ২০২৬’। বিলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ বিচারপতির অনুমোদিত সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ করার বিধান রাখা হয়েছে। সওয়াল করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য তথা বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী কেন্দ্রের বিজেপি সরকারকে সরাসরি তোপ দেগে বলেন, আপনারা কেবল তাঁদেরই বিচারক হিসেবে নিয়োগ করেন, যাঁরা আপনাদের মতাদর্শে বিশ্বাস করেন বলে মনে করেন। যদিও এই তীক্ষ্ণ মন্তব্যটি সঙ্গে সঙ্গেই রাজ্যসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। নিজের ভাষণে মেনকা গুরুস্বামী উচ্চতর বিচারবিভাগে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, নারী এবং ধর্মীয় সংখ্যালঘুদের নগণ্য প্রতিনিধিত্ব নিয়ে কড়া সমালোচনা করেন। ২০১৮ থেকে ২০২৬ সালের তথ্য পেশ করে তিনি জানান, এই সময়ের মধ্যে বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাত্র ৩ শতাংশ তফশিলি জাতি, ২ শতাংশ তফশিলি উপজাতি এবং ১২ শতাংশ অন্যান্য অনগ্রসর শ্রেণি।
















