বাঙালির ম্যাটিনি আইডলের আজ জন্ম শতবর্ষ। সোশ্যাল মিডিয়া থেকে অফিস যাত্রীদের ট্রেন কিংবা বাসের আলোচনায় ফিরে আসছে 'নায়ক' উত্তমের মহানায়কোচিত সিনেমার প্রসঙ্গ। আসলে শুধু বাংলায় নয় পৃথিবীর যে যে প্রান্তে বাঙালি রয়েছেন তাদের সকলের কাছে উত্তম কুমার (Uttam Kumar) মানে এমন এক আবেগ যা চিরকালীন। বৃহস্পতিবার মহানায়কের শততম জন্মবার্ষিকীতে (Uttam Kumar 100th Birth Anniversary) সমাজমাধ্যমে উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে বাংলায় পোস্ট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। 'সপ্তপদী' নায়ককে সাংস্কৃতিক আইকন বলে সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (CM Suvendu Adhikari)।

দিন কয়েক আগেই 'মন কি বাত' অনুষ্ঠানে উত্তম কুমারের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী। এদিন সেকথা মনে করিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে জুড়ে দেন ছোট্ট ভিডিও। ইংরেজির পাশাপাশি বাংলাতে লেখেন, 'মহানায়ক উত্তম কুমার... এক কিংবদন্তি যাঁর কালজয়ী পরিবেশনা প্রজন্মান্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে।তাঁর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।'

উত্তমের শতবর্ষে এ বছর পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টলিউডের সঙ্গে তা নিয়ে বৈঠক করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এদিন শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যম পোস্টে লেখেন, 'মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তিনি সাংস্কৃতিক আইকন।তাঁর অনন্য অভিনয়, ব্যক্তিত্ব ও চিরস্মরণীয় উপস্থিতি বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অমর হয়ে থাকবে। প্রজন্মের পর প্রজন্ম বাঙালির হৃদয়ে তিনি চিরকাল মহানায়ক হয়েই বেঁচে থাকবেন।সিনেমাকে তার স্ক্রিন প্রেজেন্স নতুন সংজ্ঞা দিয়েছে. আগামী প্রজন্মের কাছে তা শিক্ষণীয় হয়ে থাকবে।'

এদিন সকাল সাড়ে দশটা নাগাদ টালিগঞ্জে উত্তম কুমারের আবক্ষ মূর্তির সামনে উপস্থিত হয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিৎ, দেব, গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তীরাও। ছিলেন বিধায়ক রুদ্রনীল ঘোষ, শর্বরী দত্ত, পাপিয়া অধিকারী।