ফের নিট পিজি (NEET PG 2026) নিয়ে উত্তপ্ত রাজস্থানের জয়পুর। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতমাসের দেশজুড়ে আন্দোলনের রেশ কাটতে না কাটতেই শুরু নিট পিজি বিতর্ক। পরীক্ষা চলাকালীনই ২০ বার কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠল জয়পুরেই। এর জেরে সীতাপুরা পরীক্ষাকেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখালেন ডাক্তারি পড়ুয়ারা।
গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভকারীদের দাবি, গোটা দেশেই পরীক্ষা বাতিল করতে হবে। ফের নতুন করে পরীক্ষা নিতে হবে। বিবৃতি দিয়েছে ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস। এনবিইএমএস জানায়, জয়পুরের সীতাপুরা সেন্টারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণেই কম্পিউটার সিস্টেমে গোলযোগ দেখা দেয়। পরীক্ষা পরিচালনার দায়িত্বে যে সংস্থা ছিল, তাদের যান্ত্রিক ত্রুটির কারণেই বিদ্যুৎ বিভ্রাট ঘটে।
কম্পিউটার বেসড পরীক্ষা ব্যহত হলে পরিস্থিতি বিবেচনা করে ওই নির্দিষ্ট কেন্দ্রের প্রায় ৩০০ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে তা পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা 'ন্যাশন্যাল বোর্ড অব এগজামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস'।
অন্তত ২হাজার ৪৪৫ জন পড়ুয়া সময়ে পরীক্ষা শেষ করতে পারেননি। এনবিইএমএস জানিয়েছে, তাঁদের জন্য আগামী ৫ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৩টেয় জয়পুরেই পুনরায় পরীক্ষা আয়োজন করা হবে। প্রসঙ্গত, এ বছর দেশ জুড়ে মোট ১হাজার ১১১টি কেন্দ্রে ২,৭৩,০৯৬ জন পরীক্ষার্থীর নিট-পিজি (NEET PG 2026) দেওয়ার কথা ছিল। তার মধ্যে ২,৬৫,৯৮০ জন শিক্ষার্থী পরীক্ষা গিয়েছে।
চলতি বছরের ৩ মে 'পেন অ্যান্ড পেপার’ মোডে আয়োজিত হয়েছিল স্নাতক পর্যায়ের নিট ইউজি পরীক্ষা। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের মতো অভিযোগ ওঠার পর NTA সেই পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়। পরবর্তীতে তদন্ত প্রক্রিয়ার মাঝে গত ২১ জুন ফের নিট ইউজি-র রি-টেস্ট নেওয়া হয়েছিল।
















