দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) পালিয়ে বেড়াচ্ছেন কেন? মঙ্গলবার সংসদে এই নিয়ে ফের সরব তৃণমূল কংগ্রেস (TMC)। শাহের অনুপস্থিতিকে কেন্দ্র করে এদিন সংসদ চত্বরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। স্পষ্ট জানালেন, আমরা তাঁর ভাষণ শুনতে মোটেই আগ্রহী নই। চাই না নেহরুকে দায়ী করে তাঁর লম্বা-চওড়া বক্তৃতাও। যন্তর-মন্তরে পড়ুয়াদের উপরে কেন অমানবিক নির্যাতন চালানো হল,তার কৈফিয়ৎ দিতে হবে অমিত শাহকে।
কৃষ্ণনগরের সাংসদ সাফ বলেন, রাজধানীর বুকে পড়ুয়াদের সঙ্গে যে বর্বরতা ঘটেছে সংসদে দাঁড়িয়ে সুনির্দিষ্টভাবে সেই নির্যাতনের ব্যাখ্যা দিতে হবে শাহকে। শুধু তাই নয়, রাম মন্দিরে প্রণামী লুঠের ঘটনা নিয়েও আমরা সংসদে বিতর্ক চাই।অর্থাৎ প্রণামী লুঠের ঘটনাতেও যে নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না মোদি সরকার তা সংসদে আবারও স্পষ্ট করে দিতে চায় তৃণমূল-সহ বিরোধীরা। বেআব্রু করে দিতে চায় বিজেপি প্রশাসনের অপদার্থতা।
















