এবার যাব বাংলার গ্রামে, ব্লকে, জেলায়। দেখি কে আটকায়! একুশের মঞ্চ থেকে ঘোষণা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্যাথেড্রাল রোডের সভায় দাঁড়িয়ে তৃণমূলনেত্রী বললেন, শহিদ তর্পনের মধ্য দিয়ে পথ চলা শুরু হল। পুলিশ দিয়ে আটকাবে? গুণ্ডা দিয়ে আটকাবে? দেখি তোমাদের সাহস কতো! কিছু গদ্দার নেতা গিয়েছে, কর্মীরা কিন্তু আছে। আজকের এই মানুষের গর্জন তার প্রমাণ। বিজেপি দেখে যাও ভাড়া করে মানুষ আনতে হয়নি। মনের টানে, প্রাণের টানে, হৃদয়ের টানে এই ভিড়। আপনারাই তৃণমূলের সম্পদ। এবার শুরু হোক লড়াই।
নেত্রী বলেন, ওরা এতো ভয় পেয়েছে যে, যেখানেই সভা করতে যাচ্ছি, করতে দিচ্ছে না। দেবে না? তাহলে হাঁটব। চলুন অন্যায়ের বিরুদ্ধে এবার এভাবেই প্রতিবাদ হবে। এবার ছাত্র-যুবদের নিয়ে সভা করব। কমিটি তৈরি করে দেব। এ লড়াইয়ে আপনারাই আমার সেনাপতি। বলুন খেলা হবে তো! সভা জুড়ে গর্জন... খেলা হবে।
















