কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ৪৫ তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন রবীন্দ্র বিঠলরাও ঘুগে (Ravindra Vithalrao Ghuge)। সকাল দশটায় এই অনুষ্ঠান শুরু হবে। দেশের বিভিন্ন হাইকোর্টের প্রাক্তন ও বর্তমান বিচারপতিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। আদালতের এক নম্বর কক্ষে নতুন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি (RN Ravi)। সম্পূর্ণ শপথ অনুষ্ঠানটি হাইকোর্টের ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রচার করা হবে বলে জানা গিয়েছে।
প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকা যথেষ্ট দীর্ঘ। সূত্রের খবর,রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল থেকে শুরু করে রাজ্য প্রশাসনের মন্ত্রী, উচ্চতর আধিকারিকরা উপস্থিত থাকবেন। এছাড়াও হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের তিনটি সংগঠনের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আদালত চত্বরের বেশ কয়েকটা জায়গায় জায়ান্ট স্ক্রিনে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হবে। সংশ্লিষ্ট জায়গাগুলিতে পার্কিং করতে দেওয়া হবে না।
হাইকোর্টের ৪৪ তম প্রধান বিচারপতি হিসেবে সুজয় পালের কার্যকাল ইতিমধ্যেই শেষ হয়েছে। তিনি অবসর নিয়েছেন। নতুন প্রধান বিচারপতি হিসেবে রবীন্দ্র ভি ঘুগেকে নিযুক্ত করার সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। গত ৫ সেপ্টেম্বর সেই সুপারিশে সিলমোহর দেয় কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক। রবীন্দ্র (Ravindra Vithalrao Ghuge) এর আগে বোম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন।১৯৯০ সালে ঔরঙ্গাবাদ থেকে আইনের ডিগ্রি অর্জন করার পর বোম্বে হাইকোর্টে আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করেন তিনি ৷ ২০১৩ সালে ওই হাইকোর্টেরই বিচারপতি হন। এবার তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।
















