দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে- এমনই প্রত্যাশা তৈরি হয়েছিল রাজ্য সরকারি পেনশনভোগীদের মধ্যে। সরকার (State Government) আগেই বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করেছিল। কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশের পর দেখা গেল, আপাতত মিলবে আনুমানিক বকেয়ার মাত্র ৫০ শতাংশ। ফলে সরকারের প্রতিশ্রুতি ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
মঙ্গলবার অর্থ দফতরের পেনশন শাখার জারি করা বিজ্ঞপ্তিতে (Notice) জানানো হয়েছে, কলকাতা পুর এলাকার যাঁরা বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে পেনশন পান এবং যাঁদের অতীতের পেনশন বিতরণের তথ্য এখনও সম্পূর্ণভাবে যাচাই করা যায়নি, তাঁদের ক্ষেত্রে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে আনুমানিক বকেয়া ডিএ-র অর্ধেক ছেড়ে দেওয়া হবে। বাকি অর্থ পরবর্তীকালে তথ্য যাচাইয়ের পর মেটানো হবে।
এই সিদ্ধান্তকে ঘিরেই প্রশ্ন উঠছে, মার্চ মাসে সরকার যে বকেয়া ডিএ প্রদানের প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করেছিল, তার সঙ্গে বর্তমান সিদ্ধান্তের কতটা সামঞ্জস্য রয়েছে। কারণ আগের নির্দেশিকায় ২০০৮ থেকে ২০১৯ সালের প্রাপ্য বকেয়া ডিএ পরিশোধের রূপরেখা দেওয়া হলেও, সর্বশেষ বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে মাত্র ৫০ শতাংশ অর্থ ছাড়ের কথা বলা হয়েছে।
অর্থ দফতরের ব্যাখ্যা, সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির (KMC) কাছে অতীতের পেনশন বিতরণের পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আপাতত এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য একটি বিশেষ ব্যাঙ্ক পেনশন (Bank Pension) ম্যানেজমেন্ট পোর্টালও চালু করা হয়েছে। ব্যাঙ্কগুলি তথ্য যাচাই ও আপলোড করলেই অবশিষ্ট বকেয়ার হিসাব করে পরবর্তী অর্থ প্রদান করা হবে।
তবে পেনশনভোগীদের প্রশ্ন, দীর্ঘ আইনি লড়াই এবং একাধিক সরকারি ঘোষণার পরও যদি আপাতত মাত্র অর্ধেক অর্থই হাতে আসে, তাহলে পূর্ণ বকেয়া কবে মিলবে? সেই সময়সীমা অবশ্য এখনও স্পষ্ট করেনি রাজ্য সরকার। ফলে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের পর তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা।
















