রাস্তায় কোনও অভিযুক্তকে কোমরে দড়ি পরিয়ে ঘোরানোর ঘটনা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। মঙ্গলবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার মামলার শুনানিতে আদালত মন্তব্য করে, এই ধরনের আচরণ নাগরিকের মৌলিক মানবাধিকারকে লঙ্ঘন করে। যদিও প্রাক্তন তৃণমূল নেতার বিরুদ্ধে দায়ের হওয়া ক্রিমিনাল কেস খারিজের আর্জি নাকচ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট।

গত ৬ জুন ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় জড়িত থাকার অভিযোগে শওকত মোল্লাকে গ্রেফতার করে NIA। গত ১৯ জুন, সাত বছর আগের এক ধর্ষণ মামলায় জীবনতলা থানার পুলিশ তাঁকে হেফাজতে নেয়। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে সন্তানকে অপহরণ ও মায়ের উপর নির্যাতনের ঘটনা নিয়ে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত চলাকালীন বিস্ফোরণ মামলার 'ক্রাইম সিন রিকনস্ট্রাকশনে'র নামে শওকতকে জীবনতলা বাজার দিয়ে কোমরে দড়ি পরিয়ে হাঁটিয়ে নিয়ে যায়। পুলিশের এই আচরণের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন তৃণমূল বিধায়ক। তাঁর পক্ষে বর্ষীয়ান আইনজীবী কিশোর দত্ত আদালতে সওয়াল করে বলেন, "একটি উদ্বেগজনক প্রথা তৈরি হয়েছে যেখানে অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানো হচ্ছে।"

মঙ্গলবার কলকাতা হাই কোর্ট জানিয়েছে, অপরাধের বিচার আইনি পথে হবে, কিন্তু তদন্তের নামে কোনও নাগরিকের মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। কেস খারিজ না হলেও, পুলিশের এই প্যারেড করানো নিয়ে হাই কোর্টের এই নির্দেশ বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।