নিট (NEET) ইস্যুতে উত্তপ্ত লোকসভা। বৃহস্পতিবার অধিবেশন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সরকার ও বিরোধী পক্ষের তুমুল হট্টগোলের জেরে দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করলেন স্পিকার ওম বিড়লা (Om Birla)। বৃহস্পতিবার সকাল থেকে সংসদ ভবন চত্বরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের অমানবিকতা এবং অযোধ্যার রাম মন্দিরে অনুদানের অর্থ লোপাটের ঘটনার প্রতিবাদ জানান বিরোধীরা। লাঠিচার্জের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহি করতে হবে বলেও দাবি তোলেন তাঁরা। 

রাজধানীর বুকে শিক্ষার্থীদের ওপর যেভাবে নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ তার বিরোধিতায় প্রথম থেকেই সরব হয়েছে ইন্ডিয়া ব্লক। পুলিশের বর্বরোচিত পদক্ষেপের কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চাওয়া হলেও অমিত শাহ তা বারবার এড়িয়ে গেছেন। এদিন স্পিকার অধিবেশনের শুরুতেই ওম বিড়লা সদস্যদের প্রশ্নপর্ব চালানোর আহ্বান জানান। কিন্তু বিরোধী দল নিজেদের অবস্থানে অনড় থাকায় তিনি অধিবেশন মুলতুবি করে দেন। তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে লোকসভায় এসে জবাবদিহি করতে হবে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)এক্স হ্যান্ডেল পোস্ট করে লেখেন, দিল্লিতে ছাত্রদের উপর যেভাবে আক্রমণ হয়েছে তার জন্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে উচ্চপর্যায়ের কমিটি গড়ে তদন্ত প্রয়োজন। অমিত শাহ কেন সংসদে আসছেন না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিন সংসদের মকর দ্বারের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিরোধীরা।