বুধবার সকালে উত্তেজনা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে (NSCBI Airport)। এদিন ১৭০ জন যাত্রী নিয়ে সকাল ৬:৩০ মিনিট নাগাদ কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) বিমানের। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্দিষ্ট সময় বিমান ছাড়া সম্ভব হয়নি। যাত্রীদের অভিযোগ বোর্ডিং পাস দিয়ে দেওয়ার পরও এই বিষয়ে তাদের অবগত না করে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। এরপরই তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন।

এদিন বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয় দ্রুত কোনও বিকল্প ব্যবস্থা করা সম্ভব নয়। শেষ খবর পাওয়া অনুযায়ী, সকাল সাড়ে এগারোটার পর সংশ্লিষ্ট বিমানটি ছাড়ার ঘোষণা করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, ফ্লাইট ছাড়ার শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার ঘটনা প্রমাণ করে কর্তৃপক্ষ যাত্রী নিরাপত্তা নিয়ে কতটা উদাসীন। এছাড়াও নির্ধারিত সময় গন্তব্যে পৌঁছতে না পারায় যাত্রীদের পূর্বপরিকল্পিত কাজের সিডিউল ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা। বিমানে ঠিক কী সমস্যা হয়েছে তা স্পষ্ট করে জানায়নি এয়ার ইন্ডিয়া।