লেজার আলোয় (Laser Light) দিকভ্রান্ত পাইলট। ১৫৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু মেম্বার নিয়ে আকাশে চক্কর। বিপদ এড়িয়ে কোনও মতে নিরাপদে কলকাতা নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ। এর জেরে শেষ পর্যন্ত এনএসসিবিআই (NSCBI) থানায় অভিযোগ জানাল বিমানবন্দর (Airport) কর্তৃপক্ষ।
এর আগে একাধিকবার দুর্গাপুজোর (Durga Puja) লেজার শো-এ সমস্যায় পড়েন পাইলটরা (Pilot)। দমদমের শ্রীভূমি স্পোটিং ক্লাবের পুজোয় সেই শো বন্ধও করতে হয়। অবতরণের সময় রানওয়েতে চোখ রাখার সময় লেজার আলোর তীব্র ঝলকানিতে সাময়িক দৃষ্টিশক্তি কমে পাইলটদের। ফলে প্রবল বিপদরে সম্ভাবনা তৈরি হয়।
বিমানবন্দর সূত্রে খবর, শনিবার রাত ১১টা ২০ মিনিট নাগাদ মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia) এমএচ-১৮৪ বিমানটি কুয়ালালামপুর থেকে কলকাতা (Kolkata) আসছিল। বিমানবন্দরে অবতরণের সময় সমস্যা দেখা দেয়। মধ্যমগ্রাম-বারাসতের দিক থেকে ককপিটে আলোর ঝলকানি দেখতে পান পাইলট। সেইসময় রানওয়ে (Runway) থেকে প্রায় আট নটিকাল মাইল দূরে বিমান। দিক হারিয়ে আকাশে চক্কর কাটতে থাকেন পাইলট। রাত ১১টা ২৫ মিনিট নাগাদ রানওয়েতে অবতরণ করে বিমানটি। সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে এই ঘটনা নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ-প্রশাসনের তরফে বারবার এই বিষয়ে সাবধান করা হলেও, তাতে লাভ হয়নি বলেই এই ঘটনায় প্রমাণ। বিমানবন্দর এলাকায় নজরদারির ফাঁক গলে লেজার আলো ব্যবহার করা হচ্ছে।
















