অরণ্য সপ্তাহকে সামনে রেখে রাজ্য জুড়ে ৭ কোটি ৫০ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত করেছে বন দফতর। নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বনসচিব মণীশ জৈন (Manish Jain) জানান, বৃক্ষরোপণ কর্মসূচির জন্য প্রয়োজনীয় পরিকল্পনা এবং এলাকা চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, রাজ্যের ৭৫টি বড় রথযাত্রা উৎসবে যেখানে সরকারিভাবে সেবাকেন্দ্র করা হচ্ছে, সেখানে বন দফতরকে ফল ও নারকেল গাছের চারা (Fruit and Coconut Tree Saplings) বিতরণের উদ্যোগ নিতে হবে। ইউক্যালিপটাসের চারা বিতরণ না করারও পরামর্শ দেন তিনি।

বন সচিব জানান, চলতি বছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭ কোটি ৫০ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে প্রথম পর্যায়ে ৮০ হাজার গাছ রোপণ করা হবে। পাশাপাশি মধ্যবর্তী পর্যায়ে আরও ২ কোটি ৮০ লক্ষ গাছ লাগানোর জন্যও পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে।

বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, রাজ্যের ৭৫টি বড় রথযাত্রা উৎসবে যেখানে সরকারিভাবে সেবাকেন্দ্র করা হচ্ছে, সেখানে বন দফতরকে ফলের ও নারকেল গাছের চারা বিতরণের উদ্যোগ নিতে হবে। ইউক্যালিপটাসের চারা (Eucalyptus Saplings) বিতরণ না করারও পরামর্শ দেন তিনি। তাঁর বক্তব্য, ইউক্যালিপটাস মাটির পক্ষে ক্ষতিকর। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে নারকেল গাছের চারা বিতরণে জোর দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এর জবাবে বনসচিব জানান, তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে সমন্বয় করে রথযাত্রার ৭৫টি কেন্দ্রেই ফলজ, উদ্যানতাত্ত্বিক এবং উপকূলবর্তী এলাকার উপযোগী নারকেল গাছের চারা বিতরণের ব্যবস্থা করা হবে।

এ ছাড়াও ভবানীপুর বিধানসভা এলাকায় বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি গ্রহণের জন্য বন দফতর এবং কলকাতা পুরসভাকে বিশেষ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।