শোভাযাত্রাকে (Procession) নিশানা করে গণহত্যার ছক! ওষুধের নামে বিষভরা ক্যাপসুল (Capsule) বিলি করতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। পুলিশের (Police) দাবি, পরিকল্পনা ছিল প্রায় ১৫ হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়ার। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১,৪০০টি বিষভরা ক্যাপসুল (Poison-filled capsule)। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শুক্রবার (Friday) মুম্বইয়ের বাইকুলায় (Byculla, Mumbai) একটি শোভাযাত্রায় উপস্থিত মানুষের মধ্যে ক্যাপসুল বিলি করছিলেন ফৈয়াজ প্রেমজি (Faiyaz Premji) নামে এক ব্যক্তি। তিনি দাবি করেছিলেন, ওই ক্যাপসুল খেলে শরীরের ব্যথা কমবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সেই বিশ্বাসে কয়েকজন ক্যাপসুল নেন, এমনকি কেউ কেউ তা খেয়েও নেন। পরে তাঁরা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে (Hospital) ভর্তি করানো হয়। চিকিৎসকদের (Doctor) মতে, তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। 

কয়েকজন মহিলা স্বেচ্ছাসেবীর সন্দেহ হওয়ায় তাঁরা দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে এবং তাঁর কাছ থেকে প্রায় ১,৪০০টি ক্যাপসুল উদ্ধার করে। ফরেনসিক পরীক্ষায় ওই ক্যাপসুলগুলির ভিতরে জিঙ্ক ফসফাইড (Zinc Phosphide), অর্থাৎ ইঁদুর মারার বিষ পাওয়া গিয়েছে।

পুলিশি জেরায় অভিযুক্ত দাবি করেছেন, তিনি প্রায় ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যে অনলাইনে প্রায় ৩০ হাজার খালি ক্যাপসুলের খোল কিনে তাতে বিষ ভরেছিলেন। তল্লাশিতে তাঁর আস্তানা থেকে আরও বহু খালি ক্যাপসুলের খোল এবং কীটনাশকজাতীয় রাসায়নিক উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক (Bachelor's degree in Business Administration) এবং অতীতে একাধিকবার ইরাক ও ইরান সফর করেছেন। এই ঘটনার পিছনে অন্য কারও যোগ রয়েছে কি না, কতগুলি ক্যাপসুল ইতিমধ্যেই মানুষের হাতে পৌঁছেছিল এবং এর নেপথ্যে প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আদালত অভিযুক্তকে দুদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।