রেলের কাজের জন্য ফের শিয়ালদহ শাখায় ব্যাহত হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা (Sealdah Division Train Service)। পূর্ব রেল (ER) সূত্রে জানানো হয়েছে, শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত পয়েন্ট নম্বর ২০৮বি এবং ২১৯এ-র পয়েন্ট কনভার্সনের কাজ হবে। গ্রাউন্ড ফিটিংস, জাম্পার ও বন্ডিংয়ের ডিসকানেকশন এবং রিকানেকশনের জন্য মোট ৪২০ মিনিট ধরে শিয়ালদহ স্টেশনের ডিএন মেন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণেই একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শিয়ালদহ শাখায় রেলের কাজের জন্য উইকেন্ডে ট্রেন বাতিল হওয়া নতুন কিছু নয়। এটা যেন প্রায় প্রতি সপ্তাহে রুটিন হয়ে দাঁড়িয়েছে। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে ট্র্যাক সার্কিট ও নির্দিষ্ট সিগন্যালিং ব্যবস্থা বিশেষত ৬ এবং ১১ নম্বর লাইনের মধ্যে যাতায়াতকারী সিগন্যাল প্রভাবিত হতে পারে। সেই কারণেই পাওয়ার ব্লক রাখা হবে এবং প্রয়োজনমতো বেশ কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হতে পারে।শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা (Rajeev Saxena) জানিয়েছেন, দ্রুত এবং নির্বিঘ্নে কাজ শেষ করতে অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং ও কমার্শিয়াল বিভাগের কর্মীদের তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।পয়েন্ট কনভার্সনের পর ট্র্যাক ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং ট্রেন চলাচলের নিরাপত্তা বাড়বে বলে রেলের দাবি। রবিবার লালগোলা-শিয়ালদহ ৫৩১৭২ ডাউন লোকালটি শিয়ালদহ স্টেশনের পরিবর্তে দমদম জংশন পর্যন্ত যাবে।

রবিবার কোন কোন ট্রেন বাতিল ?

  • • শিয়ালদহ-হাবড়া রুটের ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন এবং ৩৩৬৫৩ আপ ও ৩৩৬৫৪ ডাউন লোকাল বাতিল থাকবে।
  • • শিয়ালদহ-কল্যাণী সীমান্তের ৩১৩১৩ আপ ও ৩১৩১৬ ডাউন লোকাল বাতিলের ঘোষণা করা হয়েছে। 
  • • শিয়ালদহ-ডানকুনি রুটের৩২২১৭ আপ ও ৩২২১৮ ডাউন ট্রেন চলবে না।
  • • বাতিল থাকছে শিয়ালদহ-রানাঘাটের ৩১৬১৫ আপ ও ৩১৬২০ ডাউন লোকালও।