বারুইপুরে (Baruipur) নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের (Prabhas Mondal) এনকাউন্টার (Encounter) তদন্তে এবার সিআইডি (CID)। বারুইপুরের সূর্যপুর হাট এলাকায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ খুনের ঘটনায় পুলিশের প্রথম গ্রেফতারি ছিল প্রভাস। মঙ্গলবার রাতে ঘটনাক্রম পুনরায় সাজানোর সময় প্রভাস পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে তাঁর মৃত্যু হয় বলে দাবি পুলিশের। কিন্তু এই নিয়ে একাধিক প্রশ্ন এবং ধোঁয়াশা রয়েছে। এবার পুলিশের পদক্ষেপের তদন্তে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। ঘটনাক্রমের সমস্ত দিক খতিয় দেখতে বৃহস্পতিবারই সিআইডির তদন্তকারী দল বারুইপুরে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করবে। 

নাবালিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রভাস মণ্ডলই ছিল মূল অভিযুক্ত। তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় প্রভাস মণ্ডলকে। সেই সময় সে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। অভিযোগ, সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় সে। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে প্রভাস গুরুতর জখম হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই গোটা ঘটনার প্রকৃত পরিস্থিতি, গুলি চালানোর কারণ সমস্ত প্রমাণ সহ সংশ্লিষ্ট বিষয়গুলি এবার খতিয়ে দেখবে সিআইডি।