নদী ভাঙনে বিধ্বস্ত মুর্শিদাবাদ ও মালদহ জেলার বিস্তীর্ণ অঞ্চল। মুর্শিদাবাদ-মালদহ (Murshidabad-Maldah) দুই জেলার ভাঙন রোধে ৩৬০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে বলে শুক্রবার মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকের পরে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে অনুপ্রবেশ নিয়েও প্রশাসনের সঙ্গে বিএসএফের যোগাযোগ আরও বৃদ্ধির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মালদহ-মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা (Ganga), ভাগীরথী, ফুলাহার-সহ একাধিক নদী। নদী ভাঙনে প্রতি বছর মুর্শিদাবাদ ও মালদহের কৃষিজমি থেকে বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যায়। দীর্ঘ দিন সেই ভাঙন রোধে চেষ্টা চলছে। সরকারের বিরুদ্ধে কোনও স্থায়ী সমাধান না করার অভিযোগ স্থানীয়দের। ভাঙন ইস্যু ভোটের প্রচারেও প্রতিবার থাকে। ক্ষমতায় এলে ভাঙন রোধে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপিও (BJP)।
এদিন মুর্শিদাবাদ সফরে গিয়ে বহরমপুরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে নদী ভাঙন রোধে বড় বার্তা দেন শুভেন্দু। জানান, মুর্শিদাবাদ-মালদহের ভাঙন রোধে ৩৬০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। যার মধ্যে ৫০ শতাংশ দেবে কেন্দ্র। বাকি রাজ্য দেবে। শুধুমাত্র মুর্শিদাবাদের জন্যই খরচ হবে ২৫০০ কোটি টাকা। ভাঙন রোধে তাঁর সরকার যে স্থায়ী সমাধান চাইছে, তাও এদিন ফের বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক বৈঠক থেকে সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ রুখতেও কড়া ব্যবস্থা, নজরদারির নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ওই জেলায় এখনও পর্যন্ত মোট ৬৯ জন অনুপ্রবেশকারীকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, অন্যান্য জেলার তুলনায় এই সংখ্যা কম। অনুপ্রবেশ রুখতে পুলিশ-প্রশাসনের সঙ্গে বিএসএফের যোগাযোগ আরও বৃদ্ধির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
















