তাহলে কি এবার রাজ্যসভায় বিজেপির প্রার্থী হিসেবে যাচ্ছেন ‘পদ্মশ্রী’ প্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিনে কলকাতায় এসেই অভিনেতার বালিগঞ্জের বাড়িতে পৌঁছে সেই জল্পনা তুঙ্গে তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিন পালন করতে ঝটিকা সফরে কলকাতায় এসেই টলিউডে জ্যেষ্ঠপুত্রের বাড়িতে ঢুঁ মারেন শাহ।
সোমবার বিকেলে হঠাৎ করে খবর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মিনিট পনেরো সেখানে থেকে বেরিয়ে যান অমিত শাহ। আর তার পরেই জল্পনা ‘পদ্মশ্রী’ প্রসেনজিৎ কি এবার পদ্মশিবির?
এর আগে এবছর ফেব্রুয়ারিতে ‘পদ্মশ্রী’ সম্মান প্রাপ্তিতে শুভেচ্ছা জানাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) বাড়িতে ছোটেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সঙ্গে তৎকালীন রাজ্য বিজেপির (BJP) সাংস্কৃতিক সেলে প্রধান, অভিনেতা তথা বর্তমান বিধায়ক রুদ্রনীল ঘোষ। চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য এবছর ‘পদ্মশ্রী’ সম্মান পান টলিউডের ‘জেষ্ঠ্যপুত্র‘।তাঁর বালিগঞ্জের বাড়ি ‘উৎসব’-এ ফুলের তোড়া, মিষ্টি, উপহার-সহ হাজির হন সুকান্ত। অভিনেতার হাতে তুলে দেন অযোধ্যার রামলালার প্রতিকৃতিও। সেই ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে প্রসেনজিৎ-পুত্র তৃষাণজিৎ লেখেন ‘জয়শ্রী রাম’। তখন থেকেই জল্পনা তাহলে কি এবার গেরুয়া শিবিরে নাম লেখাবেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’? বিধানসভায় প্রার্থী হবেন? তবে, সেই জল্পনা কোনওটাই বাস্তবায়িত হয়নি। বুম্বাদা আছেন বুম্বাদাতেই।
কিন্তু এখন পরিস্থিতি আলাদা। রাজ্যে এখন বিজেপি সরকার। সোমবারই রাজ্যসভার তিনটি আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। তৃণমূলের তিন সাংসদ– ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করায় এই আসনগুলি শূন্য। ২৪ জুলাই সেখানে উপনির্বাচন। সংখ্যাতত্ত্বের নিরিখে তিনটি আসনই এবার বিজেপির হাতে যাচ্ছে। এবার রাজ্যসভার সেই আসনগুলির একটিতে কি পদ্ম-তারকাকে পাঠাতে চায় বিজেপি? সেই কারণেই বালিগঞ্জের বাড়ি গেলেন স্বয়ং অমিত শাহ? রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এই স্বল্প সময়ে প্রসেনজিতের সঙ্গে শাহর কী কথা হয়েছে- সে সম্পর্কে কোনও তরফই মুখ খোলেনি।
















