অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিডিও অফিসের (BDO Office, Swarupnagar, North 24 Parganas) সামনে বিক্ষোভে সামিল একদল মহিলা। তাঁদের অভিযোগ, নির্বাচনের আগে বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এসে মহিলাদের অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে দেওয়া হবে। কিন্তু সরকার গঠনের দুমাস কেটে গেলেও এলাকার বহু যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে (Account) সেই টাকা পৌঁছয়নি। এই অভিযোগেই তাঁরা বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান এবং দ্রুত টাকা দেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীদের দাবি, এলাকার অনেক যোগ্য মহিলা অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন জমা দিয়েছিলেন। তবুও তাঁরা এখনও কোনও টাকা পাননি। তাঁদের অভিযোগ, উল্টে বহু অযোগ্য কিংবা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া কিছু মানুষও টাকা পেয়ে গিয়েছেন। আবার এমনও অনেকে রয়েছেন, যাঁরা প্রথম মাসে টাকা পেলেও পরে আর পাননি। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
বিক্ষোভে সামিল মহিলাদের অভিযোগ, বিডিও অফিসে গেলে তাঁদের জানানো হয়, অনলাইন পোর্টাল থেকেই তাঁদের নাম বাদ পড়েছে। ফলে বিডিও অফিসের এখানে কিছু করার নেই। যদিও এই অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে বিডিও (BDO) কোনও মন্তব্য করতে চাননি।
















