'ডিজে বাজানো' মামলায় আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় এবার গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে সাক্ষী হিসেবে তলব করে তাঁর বয়ান রেকর্ড করল সিআইডি। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ রাজ্য পুলিশের সদর দফতর ভবানীভবনে হাজির হন বিধায়ক। তদন্তকারীদের দাবি, এই বয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলা মামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই মামলার তদন্ত করছে সিআইডি। রাজীবের অভিযোগ ছিল, নির্বাচনের আগে অভিষেকের করা 'ডিজে বাজানো' মন্তব্য অত্যন্ত উস্কানিমূলক। 

সিআইডি দফতরে বয়ান দিয়ে বেরিয়ে বিধায়ক বিকর্ণ নস্কর অভিযোগ করেন, অভিষেকের ওই মন্তব্যের জেরেই তাঁর ওপর প্রাণঘাতী হামলা হয়েছিল। ঘটনাটি ঘটে গত ৪ মে ২০২৬ (বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন) বিকালে। বিধায়কের দাবি, "গণনাকেন্দ্র থেকে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে গোসাবা ফেরার পথে ক্যানিংয়ে তৃণমূল কার্যালয় থেকে আমাদের ওপর হামলা চালানো হয়। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস ও রাজা গাজির নেতৃত্বে থাকা গুন্ডাবাহিনী আমাদের দিকে ইট ছোড়ে। হামলায় আমি এবং আমার কর্মীরা জখম হই। হামলার সময় তৃণমূল কর্মীরা 'অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ' বলে স্লোগান দিচ্ছিল। এই নিয়ে আমি ক্যানিং থানাতেও এফআইআর করেছিলাম।" বিকর্ণ আরও বলেন, "অভিষেকের ডিজে মন্তব্যের জন্যই এই হামলা হয়েছে। সেই নিয়ে নিজের বয়ান রেকর্ড করতেই আজ ভবানীভবনে এসেছিলাম।" 

হামলার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। পাল্টা দাবি করে তিনি বলেন, "ফল প্রকাশের রাতে বিকর্ণ নস্কর এবং তাঁর লোকজন আমার কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরাই খারাপ অঙ্গভঙ্গি করছিলেন। তা নিয়ে সামান্য বচসা হয়, কোনও হামলার ঘটনা ঘটেনি। সেখানে পুলিশও উপস্থিত ছিল। একটি ছোট ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।"

অন্যদিকে, 'ডিজে' মামলায় সিআইডি অভিষেকের কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) সংগ্রহ করতে চাইলেও, তিনি ইতিমধ্যেই দু’বার হাজিরা এড়িয়েছেন। কণ্ঠস্বরের নমুনা দেওয়া থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েও চাপ কমেনি তৃণমূল সাংসদের। গত বুধবার বিধাননগর নিম্ন আদালতে অভিষেক হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে সিআইডি। আদালত আগামী ১৮ জুলাই, ২০২৬ তারিখে ফের  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার চূড়ান্ত দিন ধার্য করেছে।