রাজ্য সরকার পরীক্ষা না দিয়েই পদোন্নতি পাওয়া একাংশ সরকারি কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে রাজ্যের অর্থ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে ২০১৯ সালের ২৪ জানুয়ারি থেকে এই পর্যন্ত যাঁরা কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় ছাড় পেয়ে নিয়মবহির্ভূতভাবে এলডিসি, এলডিএ বা তার ঊর্ধ্বতন পদে পদোন্নতি পেয়েছেন, তাঁদের পদোন্নতি বাতিল করা না হলেও নির্ধারিত পরীক্ষা পাশ না করা পর্যন্ত তাঁদের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত থাকবে। সংশ্লিষ্ট কর্মীদের নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট (এনএসএটিআই) পরিচালিত নির্ধারিত পরীক্ষা পাশ করতেই হবে বলে জানানো হয়েছে। পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর স্থগিত ইনক্রিমেন্ট নথিগতভাবে (নোশনালি) ফিরিয়ে দেওয়া হবে এবং পরীক্ষায় সফল ঘোষণার পর থেকে আর্থিক সুবিধা কার্যকর হবে। একই সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তারিখের ভিত্তিতে তাঁদের সিনিয়ারিটি নতুন করে নির্ধারণ করা হবে। 

সরকার আরও স্পষ্ট করেছে, এই নির্দেশিকা জারির পর যদি নিয়ম ভেঙে কাউকে একই ধরনের ছাড় দিয়ে পদোন্নতি দেওয়া হয়, তবে সেই পদোন্নতি অনিয়ম হিসেবে গণ্য হবে এবং বাতিল করা হতে পারে। পাশাপাশি, ইতিমধ্যেই অবসর নেওয়া কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না।