অযোধ্যার রাম মন্দিরের আর্থিক অনুদানের অভিযোগে উত্তাল দেশ। কংগ্রেসের তরফে বারবার চুরির অভিযোগ তোলা হয়েছিল। মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। এবার সেই মামলায় ট্রাস্টের আর্থিক লেনদেন সঠিক তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়্গে।
আরও পড়ুন: কত হল আজকের সোনার দর দেখে নিন এক নজরে
কংগ্রেস শিবির চিঠিতে লিখেছেন, শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে হাজার হাজার কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগ সামনে এসেছে। তাঁদের দাবি, ভক্তরা তাঁদের বহু কষ্টে আয় করা টাকা ভগবানের মন্দিরের উদ্দেশ্যে দান করেছিল। সেই টাকা চুরির করা মানে ভক্তদের বিশ্বাস, ভক্তি ও আস্থাকে ঠকানো। তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রধানমন্ত্রীই সংসদে দাঁড়িয়ে ট্রাস্ট তৈরির ঘোষণা করেছিল। কিন্তু তার সদস্যদের নিয়োগ করা থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সবই আছে কেন্দ্রীয় সরকারের হাতেই। চিঠিতে আরও দাবি করা হয়, ট্রাস্টের সদস্যদের অনেকের সঙ্গে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ ও সংশ্লিষ্ট সংগঠনগুলির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদকও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
প্রধানমন্ত্রীকে দেওয়া ওই চিঠিতে ট্রাস্টের সমস্ত নগদ অর্থ, সোনা ও রুপোর অনুদান সংক্রান্ত লেনদেনের একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে বিরোধী শিবির। পাশাপাশি, তদন্তের রিপোর্ট এবং ট্রাস্টের আয়-ব্যয়ের সম্পূর্ণ হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি তুলেছেন তাঁরা, যাতে সাধারণ মানুষ প্রকৃত সত্য জানতে পারেন। পদ বা প্রভাব বিবেচনা না করে দোষীদের কঠোর শাস্তির দাবিও জানানো হয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের অনুদান সংক্রান্ত এই আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে বর্তমানে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) কাজ করছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী এই তদন্ত প্রক্রিয়া চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকারী দলকে তাদের রিপোর্ট জমা দিতে হবে। তবে মামলার তদন্ত এখনও প্রক্রিয়াধীন থাকায়, এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
















