শ্রাবণের শুরুতেই সমহিমায় বর্ষা। সকাল থেকেই মেঘে ঢাকা কলকাতার (Kolkata) আকাশ। কখনও হালকা, কখনও জোরে বৃষ্টি মিলিয়ে ভেজা আবহে শুরু হয়েছে রবিবারের সকাল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে পারে। সোমবার (Monday) পর্যন্ত কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও মঙ্গলবার (Tuesday) থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) চার জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তালিকায় রয়েছে নদিয়াও। বৃহস্পতিবার সম্ভাবনা রয়েছে বাঁকুড়ায়। এর বাইরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত সমুদ্রে মৎস্যজীবীদের জন্য কোনও নতুন সতর্কতা নেই। তবে আবহাওয়ার পর নজর রাখতে বলা হয়েছে তাঁদের।
অন্যদিকে উত্তরবঙ্গের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কোচবিহারে ভারী থেকে অতিভারী এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত পাহাড় ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় প্রবল বর্ষণ চলতে পারে। মঙ্গলবারের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও মালদহ ও দক্ষিণ দিনাজপুরে আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
আবহাওয়া দফতরের মতে, পশ্চিমাঞ্চলের নিম্নচাপটি দুর্বল হয়ে পড়লেও তার সঙ্গে থাকা ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। পাশাপাশি বর্ষাকালীন অক্ষরেখা এবং বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আরেকটি অক্ষরেখার প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। এই কারণেই আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
















