ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC)পরাজয়ের পর একের পর এক সাংসদরা দল ছেড়েছেন, কেউ কেউ আবার অন্য দলে যোগ দিয়েছেন। তবে কোয়েল মল্লিক (Koel Mallick) সেই পথে হাঁটেননি। তিনি সরাসরি রাজ্যসভার সাংসদ থেকেই ইস্তফা দিয়েছেন। ফলে ওই আসনটি খালি হয়ে যাওয়ায় আগামী মহাষষ্ঠীতেই অন্তর্বর্তী ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন(ECI)। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর, শুক্রবার রাজ্যসভার একটি আসনে উপনির্বাচন হবে।
মে মাসের ৪ তারিখে বিধানসভা ভোটে ফলাফল বেরিয়েছিল। তৃণমূলকে বিপুল ভোটে পরাজিত করে বাংলায় সরকার গড়ে বিজেপি। এরপর গত ১৬ জুলাই রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন কোয়েল মল্লিক। তাঁর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইকও রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন। শেষের এই তিনজনকে ফের রাজ্যসভায় পাঠায় বিজেপি। তাহলে কি কোয়েলও সেই তালিকায় যুক্ত হবেন? সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর পরই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন অভিনেত্রী। ফলে জল্পনা বাড়তে থাকে। এসব মাঝেই এবার ভোটের দিন ঘোষণা হয়ে গেল। এখন কোন দল কাকে প্রার্থী করে সেটাই দেখার।
















