রাজ্যে এখন আইনের শাসন, তাই অপরাধীদের কোনও রেহাই নেই।দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুরে (Surjapur) নতুন পুলিশ আউটপোস্টের উদ্বোধনে গিয়ে এলাকার আইনশৃঙ্খলা ফেরাতে কড়া বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শনিবার সাড়ে ১১ টা নাগাদ পৌঁছে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করার পর রাজ্যের প্রশাসনিক প্রধান স্পষ্ট ভাষায় বলেন, সাধারণ মানুষের উপর যাতে কোনও অত্যাচার না হয় তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি জনগণের মনে ভরসা জাগিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, "ধর্ষক খুনি এবং যারা অপরাধ করছেন তারা ভয়ে থাকুন। বাকিদের ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই।"
এদিন সকালে নির্যাতিতার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন, তাঁর মনিটারিংয়ে তদন্ত চলবে। পাশাপাশি গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের (Indrajit Mondal) পরিবারের একজনকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার পাশাপাশি ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তাও করা হয়েছে। শুভেন্দু বলেন, নাম পরিচয় দেখে ইন্দ্রজিতের উপর হামলা করা হয়েছে। ভোটে যারা হেরেছে তাদের উস্কানি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জানিয়ে দেন, দুই ঘটনাতেই দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে এলাকার শান্তি বজায় রাখতে পুলিশ যথাযথ পদক্ষেপ করবে। সূর্যপুর ফাঁড়ি এলাকার বেশ কয়েকটি মোড়ে পাঁচ থেকে সাত দিনের মধ্যে সিসিটিভি বসানোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা নিয়ে যে কোনও রকমের আপোষ করা হবে না, কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু। শনিবারের বার্তা থেকে একেবারে স্পষ্ট করে দিলেন যে, পুলিশের প্রধান কাজ অপরাধীদের মনে ভয় তৈরি করা। পাশাপাশি রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে অবৈধ নেশার কারবার সমূলে উৎপাটিত করতে স্পেশাল ড্রাইভ চালানোর জন্যও ডিজিকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন দুই পরিবারের সঙ্গে দেখা করার পর বারুইপুর এসপি অফিসে বেশ কিছুক্ষণ বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগে অপরাধীরা পালিয়ে যেত। নেপাল- বাংলাদেশ বর্ডারে চলে যেত। এখন কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ তাদের গ্রেফতার করে। এক কথায় রাজ্য সরকার যে কোনও অপরাধীকে রেয়াত করবে না এবং দোষ প্রমাণিত হলে দ্রুততার সঙ্গে শাস্তির ব্যবস্থা করা হবে তা আরও একবার সাফ জানিয়ে দিলেন শুভেন্দু।
















