রথযাত্রা (Rathayatra) মানে বাঙালির উৎসবের মরশুমের সূচনা। বৃহস্পতিবার সেই বহু প্রতীক্ষিত দিন এসেই গেল। জ্বর কাটিয়ে আজ মাসির বাড়ি যাওয়ার পালা জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার। রথে চড়ে যাওয়া তো অনেক হল, পরিবর্তনের বাংলায় এবার শহর কলকাতায় ট্রাম সফর করতে চলেছে তিন দেবতা। রাজ্যজুড়ে ধুমধাম করে রথযাত্রা পালনের প্রস্তুতির মাঝেই ট্রামযাত্রা ও ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের (Calcutta Tram Users Association) অভিনব উদ্যোগ মহানগরীতে।
কলকাতার ট্রামপ্রেমীদের উদ্যোগে রথযাত্রায় শহরে এক অন্যরকমের মেজাজ। দু-কামরার একটি ট্রামকে রথের আকারে সাজিয়ে তোলা হয়েছে। বাইরে রয়েছে জগন্নাথ দেবের বিভিন্ন ছবি, আর ভিতরে ভাই-বোনকে নিয়ে স্বয়ং জগতের নাথ উপবিষ্ট হবেন। রথের আকারে ট্রাম সাজিয়ে সেখানে জগন্নাথ-বলরাম-সুভদ্রার পুজো করা হবে।গড়িয়াহাট থেকে ছেড়ে এসপ্ল্যানেড হয়ে ট্রামটির গন্তব্য শ্যামবাজার। আজ সকাল দশটা নাগাদ এই ট্রাম রওনা দেবে। আয়োজকরা বলছেন কলকাতার ঐতিহ্যবাহী এই গণপরিবহন ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta), পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh), অভিনেত্রী - বিধায়িকা রূপা গঙ্গোপাধ্যায়-সহ বহু বিশিষ্টজনের। সংগঠনের সদস্যরা বলছেন, নতুন সরকার আসার পর ট্রামকে স্বমহিমায় ফিরিয়ে আনার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসনীয়। ট্রাম কলকাতার আবেগ ঐতিহ্য, একে কোনভাবেই হারিয়ে যেতে দেওয়া চলবে না। রথের দিনে জগন্নাথ দেবের ট্রাম সফর ঘিরে উন্মাদনা চোখে পড়ার মতো।
















