বাড়িতে রেশন কার্ড (Ration Card) রয়েছে, অথচ দীর্ঘদিন রেশন তোলেননি? ১ অক্টোবরের পর বড় ঝামেলায় পড়তে পারেন। মাসের পর মাস অব্যবহৃত রেশন কার্ড এবার নিষ্ক্রিয় করে দিতে পারে প্রশাসন। তাই কার্ডটি সচল রাখতে এখনই কয়েকটি বিষয় জেনে রাখা জরুরি। 

নিয়ম অনুযায়ী, কোনও উপভোক্তা টানা ছ'মাস বা তার বেশি সময় ধরে রেশন না তুললে সেই কার্ডকে ‘সাইলেন্ট রেশন কার্ড’ হিসেবে চিহ্নিত করা হবে। এই ধরনের কার্ড ১ অক্টোবর থেকে সাময়িক ভাবে নিষ্ক্রিয় করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝাড়খণ্ড-সহ একাধিক রাজ্যে ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু হয়েছে।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? প্রশাসনের বক্তব্য, অনেকেই রেশন কার্ড তৈরি করার পর আর পিডিএসের (Public Distribution System Shop) মাধ্যমে খাদ্যশস্য নেন না। কেউ কেউ আবার অন্য সরকারি পরিষেবা পাওয়ার জন্য কার্ড তৈরি করলেও রেশন ব্যবস্থার সুবিধা নেন না। দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়া এই ধরনের কার্ড চিহ্নিত করতেই এবার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তাহলে আপনার রেশন কার্ড যাতে নিষ্ক্রিয় না হয়, তার জন্য কী করবেন? যাঁরা নিয়মিত রেশন নেন, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। তবে যাঁরা দীর্ঘদিন রেশন দোকানে যাননি, তাঁদের ২১ সেপ্টেম্বরের মধ্যে রেশন তুলে নেওয়ার কথা বলা হয়েছে। আপনার কার্ড বর্তমানে সক্রিয় রয়েছে কি না, সেটিও স্থানীয় রেশন ডিলার অথবা রাজ্যের খাদ্য দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে জেনে নিতে পারেন।

তবে ১ অক্টোবরের পর কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও সুযোগ একেবারে শেষ হয়ে যাচ্ছে না। ফের কার্ডটি সক্রিয় করার ব্যবস্থা রাখা হয়েছে। ১ অক্টোবর ২০২৬ থেকে ১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে ই-কেওয়াইসি সম্পূর্ণ করে নিষ্ক্রিয় রেশন কার্ড পুনরায় সক্রিয় করা যাবে। অর্থাৎ, দীর্ঘদিন রেশন না তুলে থাকলে এখনই নিজের কার্ডের স্ট্যাটাস দেখে নেওয়াই ভাল। প্রয়োজনে রেশন তুলে নিন এবং কার্ড সংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করুন।