বিধানসভার সই জালিয়াতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে স্বস্তিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দেওয়া হল একমাসের রক্ষাকবচ।
শুক্রবারই অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন ঘিরে রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta high Court)। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার শুনানি ছিল। বিচারপতি বলেন, আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে এই বিষয়ে রাজ্য সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। একইসঙ্গে অভিষেককে তদন্তে সহযোগিতার শর্তও দিয়েছে হাইকোর্ট।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নিতে চিঠি দিয়েছিলেন অভিষেক। অভিযোগ ওঠে, ওই চিঠিতে কয়েক জন বিধায়কের সইয়ে কারচুপি করা হয়েছে। চিঠিতে দলের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরও ছিল। সেই সূত্রেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং পরে পুলিশ এফআইআর নথিভুক্ত করে।
















