NEET প্রশ্নফাঁস কেলেঙ্কারির বিরোধিতায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে দেখা যাচ্ছে বলিউডের (Bollywood) প্রথম সারির তারকাদের। বুধবার শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ জানিয়ে এই আন্দোলনে রাজনৈতিক রঙ না লাগানোর জন্য অনুরোধ করলেন সলমন খান (Salman Khan)। অভিনেতার কথায়, 'এই আন্দোলন শিক্ষার উন্নতির জন্য। প্রশ্ন ফাঁসের মতো গুরুতর ইস্যুতে শিক্ষার্থীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সঠিক পথে থেকে নিজেদের দাবি জানাচ্ছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।'

ইনস্টা অ্যাকাউন্টে বলিউডের ভাইজান লেখেন, 'এই সমস্যাটি সম্পূর্ণভাবে শিক্ষার্থী এবং আমাদের শিক্ষা ব্যবস্থার। তাই রাজনৈতিক দলগুলোর উচিত এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার বা হাইজ্যাক না করা।' পাশাপশি গত ২০ জুলাই যেভাবে দিল্লি পুলিশ (Delhi Police) নির্বিচারে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পুলিশি বর্বরতা আহত ছাত্র-ছাত্রী ও তাঁদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন সুপারস্টার। এখানেই শেষ নয়, দীর্ঘ পোস্টের শেষে সলমন (Salman Khan) আশা প্রকাশ করে লেখেন, 'ভারত একদিন বিশ্বমানের শিক্ষা কেন্দ্রে পরিণত হবে, যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এ দেশে শিক্ষা অর্জন করতে আসবেন।' অর্থাৎ একদিকে যেমন ককরোচ জনতা পার্টির আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন অভিনেতা, পাশাপাশি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেও মনে করছেন তিনি।