দমদম বিমানবন্দরের (Dum Dum Airport) মসজিদ চত্বরে নমাজ পড়ার ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury)। তবে শেষ মুহূর্তে কর্মসূচি প্রত্যাহার করে নেন তিনি। শুক্রবার সকাল থেকে যাতে সেখানে কোনরকম উত্তেজনা না ছড়ায় সেই কারণে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী (Central Forces)। বিধাননগর পুলিশ কমিশনারেটের (Bidhannagar Police Commissionerate) পক্ষ থেকে বাঁকড়া এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের ভিতরে থাকা ওই মসজিদে (Mosque) অনির্দিষ্টকালের জন্য নামাজ পাঠও বন্ধ রাখা হয়েছে। ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ 'বাঁকড়া মসজিদ' নামে পরিচিত। বিমানবন্দরের মধ্যেই ওই মসজিদ।
বহুদিন ধরে ওই মসজিদ স্থানান্তর নিয়ে চর্চা চলছিল। দমদম বিমানবন্দরে দুটি রানওয়ে (Runway) রয়েছে। প্রধান (বড়) রানওয়েটি দিয়ে বিমান ওঠানামা হয়। দ্বিতীয় রানওয়েটি আকারে ছোট। ওই রানওয়েটির ঢিলছোড়া দূরত্বে এই মসজিদ রয়েছে। প্রথম রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক বন্ধ থাকলে বড় বিমান ওঠানামার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, বলে মত বিশেষজ্ঞদের। ওই মসজিদের কারণে বিমান ওঠানামার ক্ষেত্রেও ঝুঁকি থাকে বলে মত বিমানবন্দরের আধিকারিকদের। দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজও থমকে। বেশ কয়েক দশক ধরে ওই মসজিদ সরানো নিয়ে চর্চা, আলোচনা হয়েছে।
এবার সিদ্ধান্ত হয়েছে দমদম বিমানবন্দর থেকে সরছে বাঁকড়া মসজিদ! ইতিমধ্যেই বন্ধ হয়েছে বিমানবন্দরের ভিতর দিয়ে মসজিদে ঢোকার জন্য এন্ট্রি পাস। বন্ধ হল মসজিদের ভিতর নমাজ পড়াও।
















