মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় এবার ৫ সদস্যের বিশেষ তদন্ত কমিটি (SIT) গঠন করল লালবাজার। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ শুরু করেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। দমকলের তরফ থেকে এফআইআর এবং কলকাতা পুলিশের (KP) তরফে সুয়োমুটো মামলাও করা হয়েছে বলে খবর। বুধবার ঘটনাস্থলে গিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রশ্ন তোলেন, সিইএসসি কীভাবে অনুমতি দিল? বহুতলের ভিতরে অনিয়ম নিয়ে পূর্বতন সরকারকে নিশানাও করেন তিনি।

কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এদিন NRS হাসপাতাল ও মেডিক্যাল কলেজে যান। তাঁর কথায়, মৃত একজনকে বাংলাদেশি বলে নিশ্চিত করেছে পুলিশ। বাকি আট জন বাংলাদেশি কিনা সে ব্যাপারে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। অগ্নিমিত্রাও জানিয়েছেন, কতজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে সেটা খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। নিউমার্কেট থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। লালবাজারে তরফে জানানো হয়েছে, ডিসিডিডির নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠিত হয়েছে। ঘটনার পর থেকে বেপাত্তা হোটেল মালিকদের খোঁজ চলছে।