সম্পর্কের আড়ালে দীর্ঘদিন ধরে চলেছে যৌন নির্যাতন, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়া এক যুবকের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন এক মহিলা। অভিযোগ, প্রথমে বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলে পরে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিওকে হাতিয়ার করে তাঁকে বারবার হুমকি দেওয়া হয়। সেই ভয় দেখিয়েই বিভিন্ন সময়ে একাধিক জায়গায় নিয়ে গিয়ে তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে দাবি মহিলার। সম্প্রতি নির্যাতনের একটি ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সহায়তায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মহিলার অভিযোগ, পরিচয়ের পর ধীরে ধীরে অভিযুক্ত তাঁর আস্থা অর্জন করেন। এরপর সম্পর্কের সুযোগ নিয়ে তাঁকে বিভিন্ন সময় শহরের বাইরে নিয়ে যাওয়া শুরু হয়। সেইসব সফরেই তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগ। পরে ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে নীরব থাকতে বাধ্য করা হয়। অভিযোগ, সেই সুযোগে দীর্ঘ সময় ধরে একইভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে যায় অভিযুক্ত।

সর্বশেষ ঘটনায় জোকার একটি হোটেলে নিয়ে গিয়ে তাঁর উপর রাতভর অত্যাচার করা হয় বলে অভিযোগ। সেখান থেকে ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে পুরো বিষয়টি জানান ওই মহিলা। এরপর পরিবারের সদস্যদের সহযোগিতায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। প্রাথমিকভাবে মেটিয়াবুরুজ থানায় অভিযোগ নথিভুক্ত হলেও পরে জিরো এফআইআর করে মামলাটি বাঁশদ্রোণী থানায় পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।