রাজ্যে পালাবদলের কালেও বিধানসভায় (Assembly Election) একটি আসনও পায়নি কংগ্রেস (Congress)। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে, নান কর্মসূচি করছে তারা। এবার একুশে জুলাই পালন করেছে ঘটা করে। শহিদ মিনারে সভায় প্রদেশ কংগ্রেসকে পুলিশ অনুমতিও দেয়। সেই সভা থেকেই অভিযোগ ওঠে বিভিন্ন জেলা থেকে আসা কংগ্রেসের নেতা-কর্মীদের কলকাতায় (Kolkata) আসতে বাধা দেওয়া হয়েছে। কলকাতামুখী কর্মীদের উপর হামলার প্রতিবাদে বুধবার ‘লালবাজার চলো’ নামে সত্যাগ্রহ অভিযান করে প্রদেশ কংগ্রেস। মিছিলে পা মেলান প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার (Subhankar Sarker), পর্যবেক্ষক প্রকাশ যোশি, নেতা সুমন রায়চৌধুরী-সহ অন্যান্য। 

 কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া মিছিলে কংগ্রেসের কর্মীদের বেশ জমায়েত চোখে পড়ে। মিছিলটি সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে লালবাজারের দিকে ঢোকার মুখে আটকে দেয় কলকাতা পুলিশ। গান্ধীগিরি করে কংগ্রেসের নেতারা পুলিশকে চকোলেট ও গোলাপ ফুল (Chocolate-Rosee) দিয়ে প্রমাণ করে তাঁদের এই আন্দোলন সত্যাগ্রহই। যদিও ঘটনা ঘটার দুসপ্তাহ পর এই আন্দোলন নিয়ে ক্ষোভের কথা কান পাতলে শোনা যাচ্ছে কংগ্রেসের অন্দরেই।