২১ জুলাইয়ের শহিদ স্মরণের মঞ্চ থেকে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল (Pratima Mandal)। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আহ্বানে সাড়া দিয়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসা কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ছোট করা যাবে না। তাঁদের এই উপস্থিতির জন্য তৃণমূল কংগ্রেস কৃতজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমা মণ্ডল বলেন, সমস্ত প্রতিকূলতা, অপবাদ ও রক্তচক্ষু উপেক্ষা করে কর্মী-সমর্থকেরা যে ভাবে সমাবেশে যোগ দিয়েছেন, তা আগামী দিনের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে জয়নগর লোকসভা কেন্দ্র-সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা সকলকে তিনি প্রণাম জানান।
বক্তব্যে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রকৃত শক্তি দলের কর্মীরাই। নেতারা আসবেন, যাবেন, কিন্তু কর্মীরাই চিরকাল দলের ভিত মজবুত করে রাখবেন। তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন এবং থাকবেন।" কর্মী-সমর্থকদের তিনি দলের হৃদস্পন্দন ও প্রাণশক্তি বলে উল্লেখ করেন।
বক্তব্যের শেষে প্রতিমা মণ্ডল বলেন, শেষ নিশ্বাস পর্যন্ত দলের লড়াই চলবে। আগামী নির্বাচনে বাংলার মানুষই প্রমাণ করে দেবেন, তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যায়নি, বরং মানুষের আস্থার জায়গায় আজও অটুট রয়েছে।
















