আবারও লোকসভায় বড় পদ পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তৃণমূলের সঙ্গ ত্যাগ করে এনসিপিআইএ-তে যোগ দিয়েছেন সুদীপ। নয়া দিল্লিতে অমিত শাহ ও ওম বিড়লার সঙ্গে সাক্ষাতের পরই তাঁর নতুন পদ প্রাপ্তি নিশ্চিত হয়ে যায়। শুধু সুদীপই নন, লোকসভায় পদ পাচ্ছেন এনসিপিআইয়ের শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদাররাও।
আরও পড়ুন: জয়পুরকাণ্ডে মাকে খুনের আগে কীভাবে বাবাকে হত্যা! শিউরে ওঠা স্বীকারোক্তি আয়ুষীর
আগামী ২০ জুলাই শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। সেই অধিবেশন শুরুর আগেই স্পষ্ট হয়ে গেল, লোকসভায় এনসিপিআই-এর নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্যান্যরাও এনসিপিআই -এর সাংসদ হিসাবে স্বীকৃতি পাচ্ছেন। এনসিপিআই সূত্রেই জানা গিয়েছে, দলনেতা হচ্ছেন সুদীপই। লোকসভার স্পিকার ওম বিড়লা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর তা একপ্রকার স্পষ্ট। সূত্রের খবর, লোকসভায় এনসিপিআইয়ের ডেপুটি লিডার হচ্ছেন শতাব্দী রায়,মুখ্য সচেতক হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার। বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের অন্দরে বিদ্রোহ দানা বাঁধতে শুরু করে। তৃণমূলের বিদ্রোহী ব্লক এরপর যুক্ত হয় এনসিপিআই -এর সঙ্গে। তাঁরা এবার এনসিপিআই সাংসদ হিসাবেই স্বীকৃতি পেতে চলেছেন। এর আগে লোকসভার স্পিকার ওম বিড়লা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে সংসদের নিম্নপক্ষে আলাদা বসার ব্যবস্থার কথা বলা হয়েছিল। তারপর ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা সোমবার দেখা করেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। স্পিকার আলাদা ঘর বরাদ্দের কথাও তাঁদের জানিয়েছেন। বিদ্রোহী ব্লকের জন্য লোকসভায় দেওয়া হচ্ছে আলাদা জায়গাও।
















