অযোধ্যার রামমন্দিরের প্রণামী চুরির ঘটনা নিয়ে রাজনীতি না করার পরামর্শ দিল দেশের শীর্ষ আদালত। সোমবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের ডিভিশন বেঞ্চ জানায়, এটি আপাতদৃষ্টিতে একটা সাধারণ চুরির ঘটনা। এই নিয়ে রাজনীতি করবেন না। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করাই আদালতের একমাত্র উদ্দেশ্য।
সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়ে দায়ের করা একাধিক রিট পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য ও আবেদনকারীদের উদ্দেশ্য করে কঠোর বার বার্তা দেয়। শীর্ষ আদালত বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, উত্তরপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই ঘটনাটির তদন্তে 'সিট' গঠন করেছে। আদালতে পেশ করা অন্তর্বর্তীকালীন রিপোর্টে জানানো হয়েছে, ঘটনায় এ পর্যন্ত ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং চুরি যাওয়া ৮০ লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। রাজ্য সরকারকে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত পরবর্তী রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।
পুলিশি তদন্তে উঠে এসেছে, সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে ধৃতদের চিহ্নিত করা হয়। এদের মধ্যে অন্তত ৫ জনের বিরুদ্ধে সরাসরি চুরি ও তছরুপে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। ধৃতরা সকলেই 'শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট'-এর বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য ও পদাধিকারীর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক চরমে পৌঁছালে নৈতিক দায় স্বীকার করে ইতিমধ্যেই 'শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট'-এর সাধারণ সম্পাদক পদ থেকে চম্পত রাই এবং ট্রাস্টি পদ থেকে অনিল মিশ্র ইস্তফা দিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ ও গঠিত সিট যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।
















