কলকাতায় (Kolkata) আসাকে ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই বামপন্থী নেতাদের একাংশের সমালোচনার কড়া জবাব দিলেন লেখিকা তসলিমা নাসরিন (Author Taslima Nasrin)। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের কিছু বাম নেতা আমাকে দোষ দিচ্ছেন। আমি কেন কলকাতায় যাচ্ছি! তাঁরা আমাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়েছিলেন; এখন আমি সেই রাজ্যে পা রাখলেই নাকি হিন্দুত্ববাদী হয়ে যাব, বিজেপি-আরএসএস হয়ে যাব!" একই পোস্টে তিনি আরও প্রশ্ন তোলেন, "আমার কলকাতায় যাওয়া নিয়ে এই মিথ্যা প্রচার কেন? ১৮ বছর ৮ মাস ১০ দিন পর মাত্র দু'দিনের জন্য কলকাতায় যাচ্ছি। তাতেই তাঁদের গায়ে জ্বালা ধরছে!" 

নিজের সফর নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক জল্পনাকেও একই পোস্টে খণ্ডন করেছেন তসলিমা। তাঁর বক্তব্য, "আমাকে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছে 'সেকুলার মিশন' নামে একটি সংগঠন। আমাকে কি বিজেপি কলকাতায় নিয়ে যাচ্ছে? না। আমাকে কি পশ্চিমবঙ্গ সরকার নিয়ে যাচ্ছে? না। সরকার শুধু আমার নিরাপত্তার ব্যবস্থা করছে। আমি যে রাজ্যেই যাই, সেখানে যে রাজনৈতিক দলেরই সরকার থাকুক না কেন, সেই সরকারই আমার নিরাপত্তার ব্যবস্থা করে। এটাই স্বাভাবিক প্রশাসনিক দায়িত্ব।" এই মন্তব্যের মাধ্যমে নিজের সফরকে রাজনৈতিক রং না দেওয়ারই বার্তা দিয়েছেন তিনি।

আগামী ১ অগস্ট রবীন্দ্র সদনে (Rabindra Sadan) একটি অনুষ্ঠানে যোগ দিতে দীর্ঘ প্রায় দুই দশক পর কলকাতায় আসছেন তসলিমা নাসরিন। তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিস্তর চর্চা শুরু হয়েছে। তাঁকে নিরাপত্তা দিয়ে কলকাতায় ফিরিয়ে আনার দাবি তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার সফর নিশ্চিত হওয়ার পর সেই প্রসঙ্গও নতুন করে আলোচনায় উঠে এসেছে। তবে রাজনৈতিক তরজার মধ্যেই নিজের বক্তব্যে তসলিমা স্পষ্ট করে দিয়েছেন, এই সফর কোনও রাজনৈতিক উদ্যোগের ফল নয়; এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ রক্ষা করা মাত্র।