তিরুঅনন্তপুরম ইস্ট রোটারি ক্লাবের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে লিফ্টে আটকে পড়েন শশী থারুর। জানা গিয়েছে, তিনি যখন হোটেলে পৌঁছন, তখন হঠাৎ করেই লিফ্টটি অকেজো হয়ে পড়ে। এর ফলে তিনি ও আরও আটজন বেশ কিছুক্ষন সেখানে আটকা পড়েন। এদিনের ঘটনা প্রসঙ্গে তিরুঅনন্তপুরম ফায়ার স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন সন্ধে ৭টা ৩৭ মিনিট নাগাদ দমকল বিভাগে একটি ফোন আসে কংগ্রেস সাংসদ হোটেলের লিফ্টে আটকে পড়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল।

যদিও দমকল কর্মীরা পৌঁছনোর আগে হোটেলের কর্মীরা লিফ্টটের দরজা আংশিক খুলে ভেতরে আটকা থাকা ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করেন। দেখা যায় লোকজন লোহার রড ব্যবহার করে লিফ্টের দরজা খোলার চেষ্টা করছেন, যদিও তাঁদের সেই চেষ্টা সফল হয়নি। সিনিয়র দমকল ও উদ্ধারকারী আধিকারিক জানান লিফ্টের ভেতরে প্রায় ৯ জন আটকা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় ভেতরে থাকা মানুষদের উদ্ধারের সুবিধা করে দিতে লিফ্টের দরজা কিছুটা ফাঁক করা হয়েছে। দরজাটি আরও ফাঁক করে তাঁদের উদ্ধার করতে হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করা হয়েছে।

এরপরেই শশী থারুর নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার বিবৃতি দিয়ে জানান, ''লিফটে আধা ঘণ্টা আটকে থাকাটা খুব বড় কোনো সমস্যা ছিল না ঠিকই, তবে এর ফলে আমার পরবর্তী দুটি অ্যাপয়েন্টমেন্ট দেরি হয়ে গিয়েছে—যার একটি ছিল একজন মন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ! তবে আমি কেরালা ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই; আমাদের ফোন পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তারা অত্যন্ত প্রশংসনীয়ভাবে পুরো বিষয়টি সামাল দিয়েছিল।''