বুধবার সকাল সকাল যখন বীরভূমে টুলু মণ্ডলের (Tulu Mondal) শ্বশুরবাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে জেলা পুলিশ ও রাজ্য পুলিশের STF ঠিক তখনই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ টুলু ওরফে নাজিবুদ্দিন মণ্ডল। এদিন বীরভূমের পাড়ুইয়ে টুলুর শ্বশুরবাড়িতে যান তদন্তকারীরা। অভিযুক্ত পাথর ব্যবসায়ীর দুই শ্যালকের বিপুল সম্পত্তির উৎস খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর টুলুর এক শ্যালকের বাড়ি থেকে একাধিক ব্যাগ উদ্ধার করা হয়েছে। ওই ব্যাগগুলিতে টাকা থাকতে পারে বলেই অনুমান তদন্তকারীদের। বীরভূম জেলা পুলিশের (Birbhum District Police) তরফ থেকে বাড়ি ঘিরে রাখা হয়েছে, সকাল গড়িয়ে দুপুরেও চলছে তল্লাশি।
টুলু এখন কোথায় রয়েছেন তা কারোর জানা নেই। অনেকেই মনে করছেন তিনি সম্ভবত বিদেশে গা ঢাকা দিয়েছেন। এইরকম পরিস্থিতিতে পুলিশের গ্রেফতারি এড়াতে আইনজীবী মারফত আদালতে রক্ষাকবচের আবেদন করলেন অভিযুক্ত। তাঁর আইনজীবী মারফত তিনি জানিয়েছেন তদন্তের সহযোগিতা করতে প্রস্তুত। সম্ভবত আগামী পরশু (শুক্রবার) মামলার শুনানি হতে পারে। বুধবার সকাল থেকেই খবরের শিরোনামে তুলুর শ্বশুরবাড়িতে এসটিএফ অভিযান। অভিযুক্তের দুই শ্যালক শামসুল আলম ওরফে মিঠু এবং নুর আলম ওরফে মিন্টু পাথর ব্যবসায় যুক্ত ছিলেন। স্থানীয়দের দাবি, দুই ভাইয়ের আলাদা আলাদা পাথরের ডিপো এবং আনুমানিক ৪০টি ডাম্পার রয়েছে। এর মধ্যে বহু গাড়িতে ‘MSP’ লেখা দেখা যায় বলে অভিযোগ। টুলুর পাশাপাশি তাঁর আত্মীয়দের বিপুল সম্পত্তির উৎস কী তা জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যে তল্লাশি অভিযান চালাচ্ছে তাতে কোনও টাকা উদ্ধার হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
















