তারাপীঠের (Tarapith) 'বিদেশিনী' হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়লো গ্রেফতারির সংখ্যা। সোমবার হোটেল মালিকের ছেলে কল্যাণকে গ্রেফতার করা হয়েছিল। এরপর মঙ্গলবার ভোররাতে পুলিশের জালে হোটেল মালিক প্রবীর পাল (Prabir Paul)। বিএনএসের (BNS) একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত চলছে। ইতিমধ্যেই নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এদিন সকাল থেকে বিদেশিনী হোটেলের পাশের পুকুরে কোনও মৃতদেহ পড়ে রয়েছে কিনা তা জানতে তল্লাশি অভিযান চালাচ্ছেন সিভিল ডিফেন্সের কর্মীরা।
অগ্নিকাণ্ডের ঘটনায় সিট (SIT) গঠন করেছে বীরভূম পুলিশ, নেতৃত্বে রামপুরহাটের SDPO। জানা গিয়েছে ওই হোটেলের সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে।ফায়ার সেফটি সংক্রান্ত প্রয়োজনীয় ছাড়পত্র রয়েছে কি না, তাও যাচাই করা হবে।একই সঙ্গে তারাপীঠের অন্যান্য আবাসনগুলির বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা শুরু হয়েছে। সূত্রের খবর, গুরুতর অনিয়ম মিললে কৌশিকী অমাবস্যার ভিড় শুরু হওয়ার আগেই কয়েকটি হোটেলের লাইসেন্স বাতিল করার পাশাপাশি সাময়িকভাবে তা বন্ধের নির্দেশ দেওয়া হতে পারে।
















