রাজ্য বিধানসভার অন্যতম আর্থিক কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC) সহ একাধিক হাউস কমিটির নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। আগে ৫ জুলাই এই নির্বাচন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। কোনও কমিটিতে নির্ধারিত সদস্যসংখ্যার তুলনায় মনোনয়ন জমা পড়লে ২১ জুলাই ভোট গ্রহণ হতে পারে।
বিধানসভায় মোট ১১টি স্ট্যান্ডিং কমিটি এবং ২০টি হাউস কমিটি (House Committee) রয়েছে। তার মধ্যে পিএসি অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক নজরদারি কমিটি। যার কাজ সরকারি ব্যয় ও আর্থিক লেনদেনের উপর নজরদারি করা। এই কমিটিতে চেয়ারম্যান সহ সর্বাধিক ২০ জন সদস্য থাকতে পারেন। সদস্যসংখ্যার তুলনায় বেশি মনোনয়ন জমা পড়লেই নির্বাচন করার প্রয়োজন হয়।
বিধানসভার সাম্প্রতিক ইতিহাসে পিএসি গঠনের জন্য ভোটাভুটির নজির প্রায় নেই বললেই চলে। তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা। তৃণমূল কংগ্রেসের বিধায়কদের একাংশ, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত, তাঁরাও পিএসির জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সেই কারণেই কমিটি গঠনকে ঘিরে জটিলতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রথাগতভাবে পিএসির চেয়ারম্যান (Chairman) নির্বাচন করা হয় বিরোধী দলের মনোনয়নের ভিত্তিতে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেই প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে একাধিক কমিটিতে সদস্যসংখ্যার তুলনায় বেশি মনোনয়ন জমা পড়লে ২১ জুলাই নির্বাচন হতে পারে।
















