অপরিচ্ছন্ন এমার্জেন্সি থেকে হাসপাতালের সামগ্রিক পরিষেবা সারপ্রাইজ ভিজিটে গিয়ে সবই খতিয়ে দেখে সরকারি হাসপাতালগুলিকে কড়া বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Health Minister Sharadwat Mukhopadhyay)। সব সময় সজাগ থাকতে হবে এই বার্তা দিয়েই রাজ্যজুড়ে সারপ্রাইজ ভিজিটের (Surprise Visit) ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়ে শনিবার কোনও পূর্বঘোষণা ছাড়াই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G. Kar Medical College and Hospital) পৌঁছন তিনি। জরুরি বিভাগ, শিশু ও মহিলা ওয়ার্ডসহ একাধিক অংশ ঘুরে দেখেন তিনি। হাসপাতালের পরিষেবা, পরিচ্ছন্নতা, এবং সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থার বাস্তব চিত্র খতিয়ে দেখার পাশাপাশি কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শন শেষে হাসপাতালের একাধিক বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শারদ্বত মুখোপাধ্যায়। বিশেষ করে পরিচ্ছন্নতা, পরিষেবার মান এবং দালালচক্রের অভিযোগ নিয়ে কড়া অবস্থান নেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, সরকারি হাসপাতালে রোগী বা তাঁদের পরিবারের কাছ থেকে কোনও ব্যক্তি বেআইনিভাবে টাকা চাইলে তা সঙ্গে সঙ্গে হাসপাতালের এমএসভিপি (Hospital MSVP) বা প্রিন্সিপালকে জানাতে হবে। প্রয়োজনে তাঁকেও সরাসরি অভিযোগ জানানোর কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি ওষুধ সংক্রান্ত কোনও সমস্যা হলেও দ্রুত কর্তৃপক্ষের নজরে আনার কথা বলেন তিনি।
এদিন স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাসপাতালে ভর্তি হলেই আয়া রাখতে হবে এমন ধারণা থেকে সাধারণ মানুষকে বেরিয়ে আসতে হবে। এই বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন তিনি। তাঁর কথায়, সরকারি হাসপাতালের (Government hospital) পরিষেবা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে রাজ্যজুড়ে এ ধরনের সারপ্রাইজ ভিজিট (Surprise Visit) ভবিষ্যতেও চলবে। হাসপাতাল কর্তৃপক্ষকে (Hospital Authorities) সব সময় প্রস্তুত ও সতর্ক থেকে পরিষেবা দেওয়ার নির্দেশও দেন তিনি।
এর আগে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Barasat Medical College Hospital) আকস্মিক পরিদর্শনে যান তিনি। সেইখানে একাধিক অনিয়ম ধরা পড়ায় ১২ জনকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়াও কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে (Jawaharlal Nehru Memorial Hospital, Kalyani) স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের (State Minister for Health Sumana Sarkar) পরিদর্শনেও পরিচ্ছন্নতা ও পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই ধারাবাহিকতায় এবার আর জি করে স্বাস্থ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নজরদারি আরও জোরদার হওয়ার স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করছে প্রশাসনিক মহল।
















