রাতভর দলনেত্রীর সঙ্গে মঞ্চ পাহারা দেওয়ার পরে, একুশে জুলাইয়ের মঞ্চে উঠে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাফ জানালেন ফুটপাতে থাকব, লড়াই করে বিজেপিকে (BJP) হারাব, দেখব ওরা কী করে। একই সঙ্গে গদ্দারদের তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তীব্র কটাক্ষ করে বলেন, “কিন্তু ওদের বেশিকিছু বলতে হবে না। শুধু 'বি.সি.' বললেই হবে, বালিশ চাটা!”

সোমবার, সন্ধেয় মঞ্চ ভাঙচুরে খবর পেয়েই পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পর যান অভিষেক। তার আগে অবশ্য সন্ধেয় একবার প্রস্তুতি দেখে যান তিনি। রাতে গিয়ে সারারাত দলনেত্রীর পাশে বসে থাকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার, সকালে ফিরে ফের কিছুক্ষণের মধ্যেই পৌঁছন সভামঞ্চে। তার পর বক্তব্য রাখতে উঠেই প্রথম নিশানা করেন বিজেপিকে। একই সঙ্গে ধন্যবাদ জানান আদালতকে সভার অনুমতির দেওয়ার জন্য। বলেন, "কলকাতা হাইকোর্ট-সহ বিচারব্যবস্থাকে ধন্যবাদ জানাই।" একযোগে মুখ্যমন্ত্রী, কলকাতা পুলিশ ও বিজেপিকে নিশানা করেন অভিষেক। বলেন, চাইলেও বিজেপি ২১ জুলাই কর্মসূচি আটকাতে পারল না। 

এর পর একের পর এক তিরে বিদ্ধ করেন বিরোধীদল থেকে শুরু করে 'গদ্দারদের'। তাঁর প্রশ্ন, "পশ্চিমবঙ্গের (West Bengal) বিজেপি সরকার, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল?" তাঁর কথায়, "এই সমাবেশ প্রমাণ করছে, তৃণমূলের বিকল্প নেই।" অভিষেক সাফ জানান, "তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।" তিনি আরও বলেন, "কর্মীরা লড়াই করে বটবৃক্ষ তৈরি করেছে।" 

কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা, ”ফুটপাতে থাকব, লড়াই করে বিজেপিকে হারাব, দেখব ওরা কী করে। বিজেপির ক্ষমতা নেই এইভাবে কোনও সভা করার। কারণ ওদের কাছে পুলিশ, কেন্দ্রীয় সরকার, ক্ষমতা সব আছে, কিন্তু মানুষ নেই। বাংলার মানুষ জানে বিজেপি কীভাবে ক্ষমতায় এসেছে। তাই আলাদা করে কিছু বলার নেই।” 

কর্মী-সমর্থকদের কুর্নিশ জানিয়ে অভিষেক বলেন, ”প্রতিকূলতার মধ্যে প্রলোভনকে উপেক্ষা করে যাঁরা লড়াই করছে তাঁদের কুর্নিশ। আজ যে কর্মী-সমর্থকরা এসেছেন তাঁরাই আসল। শুধু নেত্রীকে একটাই অনুরোধ, যাঁরা গেছে, সেইসব গদ্দারদের যেন আর দলে না নেওয়া হয়।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, জনতা সেখানে।

তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, ”গদ্দাররা ওই শিবিরে গেছে। কিন্তু ওদের বেশিকিছু বলতে হবে না। শুধু 'বি.সি.' বললেই হবে, বালিশ চাটা! যদিও বিসি-র অনেক মানে হয়, আমি এত কিছু বলছি না।”