রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনা, পশ্চিমবঙ্গ সরকারের নজর শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি ও কর্মসংস্থানে। শুক্রবার সল্টলেকের সিটি সেন্টারে বাজার্স স্টাইল রিটেল লিমিটেডের (Bazaars Style Retail Limited) আয়োজনে বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোবের উদ্বোধনে গিয়ে একগুচ্ছ ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে এই সংস্থা আড়াইশো সেন্টার তৈরি প্রতিশ্রুতি দিয়েছে। মোট ১৯০০ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। বিপুল কর্মসংস্থান হবে আগামী দিনে। পাশাপাশি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম তোলার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে অভিনন্দনও জানিয়ে বলেন, 'এরা আজকে আমাদের ফ্যাশন জগতের ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম। আমাদের দুর্গাপুজোর আগে আজকে তারা পৃথিবীর সবথেকে বড় ওয়ার্ডরোবের উদ্বোধন করেছে এই রাজ্যে। এটা দারুণ মুহূর্ত।'
আরও পড়ুন: জামশেদপুর খুনে কলকাতা যোগ! গ্রেফতার পুলিশ সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার
এদিন অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের শিল্প বান্ধব পরিস্থিতি নষ্ট করেছে পূর্বতন সরকার। আমরা চার মাসে নতুন সরকারের সময় ইন্ডাস্ট্রি এবং বিজনেস ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করার জন্য সরকারি ও বেসরকারি নানা উদ্যোগ নিয়েছি। বর্তমান আমাদের নজরে বিনিয়োগ ব্যবসা ও কর্মসংস্থান। যে বস্ত্র বিপণী সংস্থার অনুষ্ঠানে তিনি গেছিলেন সেখান থেকেই আগামী দিনে ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাবনার কথা জানানো হয়েছে। শুভেন্দু এদিন বলেন 'এদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছি পশ্চিমবঙ্গে ১১০-এর জায়গায় আগামী কিছুদিনের মধ্যে ওদের ২৫০ সেন্টার তৈরি হবে। এই মুহূর্তে দশ রাজ্যে ২৭৫ স্টোরে ছ হাজার লোক কাজ করেন। ৮২৫ MSME ভেন্ডার এদের সঙ্গে কাজ করছে। ১৯০০ কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে এবং আগামী তিন বছরে এই টার্গেট বাড়িয়ে পাঁচ হাজার কোটি করতে চায় সংস্থা।' এর পাশাপাশি। পুজোর আগেই হলদিয়া পেট্রোকেমিক্যাল এর নতুন প্লান্টের উদ্বোধন করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পালাবদলের রাজ্যে শুভেন্দু অধিকারীর সরকারের চার মাস অতিক্রান্ত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাকি আট মাসের মধ্যে রাজ্যজুড়ে আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। ইতিমধ্যেই লাক্স ও আমূল কোম্পানির কারখানার কাজের অগ্রগতি সংক্রান্ত আপডেট দিয়ে শুভেন্দু জানান নিউটাউনি আদানি গ্রুপের ২০০০ শয্যার হাসপাতাল তৈরি করার বিষয়ে অনন্ত আম্বানির সঙ্গে তাঁর কথা হয়েছে। বিনিয়োগ সংক্রান্ত আরও প্রস্তাবনা নিয়ে আম্বানিদের সঙ্গে গণেশ পুজোর পর আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি বলেন পশ্চিমবঙ্গের একটি নতুন প্রজেক্ট আনছে ডিআরডিও (DRDO)। আগের সরকারকে তারা এই বিষয়ে চিঠি লিখলেও কোন রকমের সহযোগিতা মেলেনি। কিন্তু আমার আমলে এসব হবে না। তাই আমি সম্মতি দিয়েছি। জুনপুটে এই প্রজেক্টের উদ্বোধন হবে। পাশাপাশি পুরুলিয়া সৌর বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে শুভেন্দু জানান মিস্টার আগারওয়াল ফ্যামিলি রাজ্য সরকারের নীতি মেনে যে সোলার প্লান্ট বানাচ্ছেন তার জন্য সব ধরনের প্রশাসনিক সাহায্য দেওয়া হবে।
















