রামমন্দিরের (Ram Mandir) অনুদান কাণ্ডে এবার নজর সুপ্রিম কোর্টের (Supreme Court)। কোটি টাকার অনুদান ও মূল্যবান সামগ্রী নিয়ে অনিয়মের অভিযোগে সিবিআই (CBI) তদন্তের আবেদন জানানো হলেও, তড়িঘড়ি শুনানির প্রয়োজন দেখল না শীর্ষ আদালত। স্বাভাবিক বিচারপ্রক্রিয়াতেই মামলার শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে আদালত।

রামমন্দিরের অনুদান সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার মামলাটি দ্রুত শুনানির আবেদন করা হলেও বিচারপতি এম এম সুন্দরেশ (Justice M.M. Sundresh) ও বিচারপতি শীল নাগুর (Justice Sheel Nagu) বেঞ্চ তাতে সম্মতি দেয়নি। আদালতের পর্যবেক্ষণ, ‘বিষয়টি এমন নয় যে, দ্রুত শুনানি না হলে আকাশ ভেঙে পড়বে। গ্রীষ্মের ছুটির পরে এই মামলার শুনানি হতে পারে। ততদিনে মাথায় আকাশ ভেঙে পড়বে না।’ ফলে নির্ধারিত নিয়ম মেনেই পরবর্তী সময়ে বিষয়টি নিয়েই শুনানি হবে। 

এদিকে তদন্তে অনুদান তহবিলে বড়সড় আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh Police) ইতিমধ্যেই চুরি, প্রতারণা ও ষড়যন্ত্র সহ একাধিক ধারায় আটজনকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের দাবি, রামমন্দিরে জমা পড়া বিপুল নগদ অনুদান ও সোনা-রুপোর একটি বড় অংশের হিসাব মিলছে না। অভিযোগ, সিসিটিভির (CCTV) নজর এড়িয়ে একাধিকবার অনুদানের অর্থ সরিয়ে ফেলা হয়েছিল। এই ঘটনায় আরও কয়েকজনকে নজরে রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।