কর্ণাটক সফর চলাকালীন আচমকা অসুস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার এই খবর ছড়িয়ে পড়তেই নানা মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে।শনিবার হুব্বলিতে গব্বুরে কেএলই জগদগুরু গঙ্গাধর মহাস্বামীগলু মুরুশাভিরমঠ মেডিক্যাল কলেজের নতুন শিক্ষাভবন এবং ১২০০ শয্যার কেএলই হাসপাতাল ও মেডিক্যাল রিসার্চ সেন্টারের উদ্বোধন করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু আচমকা বমি শুরু হয় তাঁর। এতটাই অসুস্থ হয়ে পড়েন যে নির্ধারিত সুচি মেনে অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। চিকিৎসকদের পরামর্শ মত হোটেলেই বিশ্রাম নিতে হয় তাঁকে।

রবিবার সকালে পাওয়া খবর অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী এখন আগের থেকে সুস্থ আছেন। যদিও কোন রকমের ঝুঁকি না নিয়ে তাঁর বেশ কিছু কর্মসূচি বাতিল করা হয়েছে।প্রহ্লাদ জোশীর বক্তব্য অনুযায়ী, খাদ্যে বিষক্রিয়াজনিত অসুস্থতা সামলে নিয়েছেন শাহ। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠান সামলে নেন প্রহ্লাদ। তবে মন্ত্রীর বেলগাভী সফর বাতিল করা হয়। সন্ধ্যায় হুব্বলির কেএলই ক্যাম্পাসে সংক্ষিপ্ত সময়ের জন্য যান শাহ। সেখানে প্রতীকী ভাবে প্রদীপ জ্বালিয়ে দিল্লির ফিরে গিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে আজ বিশেষ কোনও কর্মসূচি রাখা হয়নি।