সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের দাবিতে ডিভিশন বেঞ্চে ফের আবেদন করেছেন গীতাঞ্জলি আংমো। দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই আর্জি খারিজ করার পরে সোমবার ফের নতুন আবেদন করে জরুরি শুনানির আর্জি জানিয়েছেন গীতাঞ্জলি। দাবি, সফদরজং হাসপাতাল ওয়াংচুকের জন্য উপযুক্ত নয় এবং তাঁকে নিজের পছন্দের বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা উচিত।
বেশ কয়েক সপ্তাহ ধরে অনশন করে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোনমকে জোর করে তুলে পুলিশ সফদরজং হাসপাতালে ভর্তি করায়। এমতাবস্থায় তাঁর স্ত্রী অভিযোগ করেন, হাসপাতালে তাঁকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। শুধু তাই নয়, স্বাধীন ভাবে মেডিক্যাল টেস্ট করতে দেওয়া হচ্ছে না। রবিবার দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে পাঠানোর নির্দেশ দিতে অস্বীকার করে। অনশনের ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং সফদরজং হাসপাতালের চিকিৎসকরা তাঁর সম্মতি নিয়েই প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা দেওয়া হচ্ছে। তাই এই মুহূর্তে অন্তর্বর্তী কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই বলেই আদালত মনে করেছে।
উল্লেখ্য, সোনম ওয়াংচুক হাসপাতালে ভর্তি থাকায় তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো জানিয়েছেন, তিনি 'চলো সংসদ' মিছিলে নেতৃত্ব দেবেন।
















