শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Education Minister Dharmendra Pradhan) অবসরের দাবিতে টানা ২০ দিনের অনশনে শারীরিকভাবে চরম সংকটের মুখে সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। দীর্ঘ অনশনের জেরে ইতিমধ্যেই তাঁর প্রায় ৯ কিলো ওজন কমেছে। সরকারি চিকিৎসকদের আশঙ্কা, পরিস্থিতি আরও জটিল হলে যে কোনও সময় মাল্টি অর্গান (Multi-organ) ফেল করতে পারে। এমন সতর্কবার্তার মধ্যেও আন্দোলন থেকে একচুলও পিছু হটেননি ওয়াংচুক। বরং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ২০ জুলাইয়ের সংসদ অভিযান যদি ব্যাপক সাড়া পায় এবং আন্দোলন নতুন গতি পায়, তবেই অনশন প্রত্যাহারের বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।
ভিডিও বার্তায় ওয়াংচুক জানান, তাঁর শারীরিক অবস্থা দুর্বল হলেও তিনি এখনও মানসিকভাবে লড়াই চালিয়ে যাওয়ার মতো অবস্থাতেই রয়েছেন। তাঁর মতে, এই আন্দোলন কোনও ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং বৃহত্তর জনস্বার্থের দাবি আদায়ের লড়াই। তাই দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে ২০ জুলাইয়ের সংসদ অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কর্মসূচিতে যোগ দিতে ইচ্ছুকদের 7011670115 -এই নম্বরে মিসড কল দিয়ে এবং www.cockroachjanataparty.com ওয়েবসাইটে নাম নথিভুক্ত করার আবেদনও করেন তিনি। যাদের আসতে সমস্যা তাঁরা দরকার হলে নিজেদের মায়েদের সঙ্গে আসুন। কারণ সন্তানদের ভালো সবথেকে বেশি ভালো মায়েরাই বোঝে। তাই বিশেষভাবে মায়েদের এই কর্মসূচিতে অংশ নিয়ে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন ওয়াংচুক।
নিজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোনম ওয়াংচুক বলেন, চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী তাঁর শরীর দুর্বল হলেও এখনও মৃত্যুর মত জায়গায় পোঁছায়নি। তবে এই মুহূর্তে অনশন (Hunger strike) প্রত্যাহার করলে আন্দোলনের উদ্দেশ্যই প্রশ্নের মুখে পড়বে বলে তাঁর মত। তাঁর দাবি, এতে সরকারের কাছে এমন বার্তা যেতে পারে যে মানুষের দাবির বিষয়ে জবাবদিহি না করলেও চলবে। একইসঙ্গে তিনি বলেন, সবাই তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তা করলেও আন্দোলনের প্রেক্ষাপটে যে ২০ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, সেই ঘটনাও সমান গুরুত্বের দাবি রাখে। তাই ২০ জুলাইয়ের সংসদ অভিযানের পর পরিস্থিতি বিবেচনা করেই অনশন চালিয়ে যাওয়া বা ভাঙার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।
















