কৃষিকাজে (Agriculture) আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়াতে বড়সড় উদ্যোগ রাজ্যের। ট্র্যাক্টর-সহ বিভিন্ন কৃষিযন্ত্র কেনার ক্ষেত্রে এবার সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ভর্তুকি মিলবে। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে অনলাইন আবেদন। আগামী এক মাস ধরে আবেদন করার সুযোগ থাকছে কৃষকদের। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল (Dudh Kumar Mondal) জানিয়েছেন, এই প্রকল্পে মোট ৬৭ হাজার ৫৮৫ জন কৃষককে (Farmer) সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যন্ত্রপাতি কেনার জন্য সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থাও থাকছে। সব মিলিয়ে ভর্তুকি বাবদ প্রায় ৪০৭ কোটি টাকা খরচ করবে রাজ্য।

আরও পড়ুন: হামলা হলে দায় কে নেবে? অভিষেকের নিরাপত্তা কমানোয় প্রশ্ন তুলে রাজ্যকে ভর্ৎসনা হাই কোর্টের, Z+ ফেরানোর ইঙ্গিত!

এই প্রকল্পের আরও একটি সুবিধা হল, ট্র্যাক্টর কিনে তা ভাড়ায় দিয়ে বাড়তি আয় করার সুযোগ পাবেন কৃষকরা। ট্র্যাক্টর কেনার ক্ষেত্রে নির্দিষ্ট কোনও সংস্থার উপর বাধ্যবাধকতা থাকছে না। কৃষক নিজের পছন্দমতো যে কোনও সংস্থার কাছ থেকেই ট্র্যাক্টর কিনতে পারবেন।

আরও পড়ুন: হামলায় খুলি ভেঙে মস্তিষ্কে ঢোকে হাড়ের টুকরো! জরুরি অস্ত্রোপচারের পরে কেমন আছেন স্মিত

তবে প্রকল্পের সুবিধা পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৭০ বছরের মধ্যে। পাশাপাশি তাঁর কৃষক বন্ধু অথবা পিএম কিষান, এই দুই প্রকল্পের অন্তত একটি পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। ফলে এই দুই প্রকল্পের কোনও পরিচয়পত্র নেই, এমন কৃষকরা এই সুবিধার আওতায় আসতে পারবেন না।

আবেদনকারীর সংখ্যা বেশি হলে কী ভাবে বাছাই হবে, তা নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন কৃষিমন্ত্রী। যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে সুবিধাভোগীদের নির্বাচন করা হবে। সরকারের দাবি, এই পদ্ধতিতে গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে এবং যোগ্য কৃষকদের মধ্যে সুযোগ বণ্টন আরও নিরপেক্ষ হবে। কৃষিযন্ত্র কেনার খরচ কমানোর পাশাপাশি কৃষকদের আয়ের নতুন পথ খুলে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী।