পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের মৃত্যুর পর শূন্যপদে ভোটাভুটি ঘিরে উত্তেজনা ছড়াল অন্ডালে (Andal)। ভোট দিতে আসা তৃণমূলের (TMC) পঞ্চায়েত সমিতির সদস্যদের বিজেপি কর্মী-সমর্থকরা বাধা দেন বলে অভিযোগ। এমনকি বিডিও অফিসের গেট থেকেই তাঁদের বের করে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। প্রায় এক মাস আগে অন্ডাল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল সদস্য হারাধন ধীবরের মৃত্যু হয়। এরপর থেকেই ওই পদটি খালি ছিল। মঙ্গলবার সেই পদে নতুন করে নির্বাচন করার জন্য অন্ডাল বিডিও অফিসে ভোটাভুটির আয়োজন করা হয়। আর সেইসময়তেই ছড়ায় উত্তেজনা।
আরও পড়ুন: বাইক-ট্যাক্সিতে বড় বদল, পেট্রোপণ্যে নিষেধাজ্ঞা মহারাষ্ট্রে!
অন্ডাল পঞ্চায়েত সমিতিতে আগে মোট ২৩ জন সদস্য ছিলেন। তাঁদের মধ্যে বিজেপির সদস্য ছিলেন একজন, দীনেশ লাল। বাকি ২২ জনই তৃণমূলের। হারাধন ধীবরের মৃত্যুর পর সদস্য সংখ্যা কমে দাঁড়ায় ২২-এ। তৃণমূলের অভিযোগ, ভোট দিতে তাঁদের সদস্যরা বিডিও অফিসে (BDO Office) এলেও ভোটাভুটিতে অংশ নিতে দেওয়া হয়নি। বিজেপি কর্মী-সমর্থকরা তাঁদের বাধা দেন। এমনকি অফিসের গেট থেকেই কয়েকজনকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।
খান্দ্রা পঞ্চায়েত সমিতির সদস্য মঞ্জু ভট্টাচার্যের অভিযোগ, তাঁকে ভোটাভুটির কথা জানানো হয়েছিল। সেই মতো তিনি ভোট দিতে বিডিও অফিসে যান। কিন্তু সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের বাধার মুখে পড়েন। তাঁকে গেট থেকেই বের করে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। তৃণমূলের দাবি, তাঁদের সদস্যদের ভোট দিতে না দেওয়ার কারণেই শেষ পর্যন্ত ভোটাভুটিতে একমাত্র বিজেপি সদস্য দীনেশ লাল উপস্থিত ছিলেন। ঘটনাকে ঘিরে অন্ডাল বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়ায়।















