বিয়ের দেড় মাস কাটতে না কাটতেই স্বামীর বাড়ি থেকে উদ্ধার হল ৫৫ বছরের এক মহিলার দেহ (Women Body Found)। ঘটনাকে ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাটের পশ্চিম দুরামারি এলাকায়। মৃতার নাম প্রার্থনা মণ্ডল (৫৫)। তাঁর স্বামী দীপক মল্লিকের (৩৫) বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে অভিযোগ। ঘটনার পর থেকেই তিনি পলাতক বলে পুলিশ সূত্রে খবর। তাকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
আরও পড়ুন: কর্মাধ্যক্ষের মৃত্যুর পর ভোটাভুটি, বাধার মুখে তৃণমূলরা
স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগে ভেংকালি এলাকায় নিজের বাড়িতে প্রার্থনা মণ্ডলকে দীপক মল্লিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে গ্রামবাসীদের মধ্যস্থতা এবং সামাজিক চাপের মধ্যে দু’জনের বিয়ে দেওয়া হয় বলে স্থানীয়দের দাবি। কিন্তু বিয়ের দেড় মাসের মধ্যেই ঘটে যায় অঘটন। সোমবার দীপকের বাড়ি থেকে প্রার্থনার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বানারহাট থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পরিবারের তরফে পারিবারিক অশান্তির অভিযোগ উঠেছে। যদিও ঠিক কী কারণে প্রার্থনার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। এদিকে, ঘটনার পর থেকেই দীপক মল্লিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে বানারহাট থানার পুলিশ। বিয়ের দেড় মাসের মধ্যেই প্রৌঢ়ার রহস্যমৃত্যু এবং স্বামীর পলাতক হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন।















